তারাপুর চা-বাগানে পূজার আনন্দ দ্বিগুণ!

টিলায় পূজামণ্ডপ। চা-বাগানের ফাঁক দিয়ে সরু পথ। প্রবেশমুখে তোরণ। করা হয়েছে আলোকসজ্জা। পূজামণ্ডপ ঘিরে আনন্দ-ফুর্তিতে মেতেছেন চা-শ্রমিক পরিবারের সদস্যরা। এবার তাঁদের আনন্দ একটু বেশিই।
পূজা উদ্যাপন কমিটির সভাপতি চা-শ্রমিক মনোরঞ্জন দাস বললেন, ‘এইবার বাগানের আসল মালিক আমাদের সঙ্গে থাকায় পূজার আনন্দ দ্বিগুণ!’ এই আসল মালিক হচ্ছেন তারাপুর চা-বাগানের দেবোত্তর সম্পত্তির সেবায়েত পঙ্কজ কুমার গুপ্ত।
সিলেট শহরের পাঠানটুলা এলাকার ৪২২ দশমিক ৯৬ একর জায়গার তারাপুর চা-বাগান মালিকপক্ষের হাতছাড়া ছিল প্রায় চার দশক। সর্বশেষ ১৯৮৮ সালে সেবায়েত পঙ্কজ কুমারের উপস্থিতিতে দুর্গাপূজা হয়েছিল। এরপর বাগানটি বেদখল হলে পঙ্কজ কুমারও হয়ে পড়েন দেশছাড়া। গত ১৯ জানুয়ারি উচ্চ আদালতের রায়ের নির্দেশনা অনুযায়ী ১৫ মে বাগানটি জেলা প্রশাসন সেবায়েত পঙ্কজ কুমারকে বুঝিয়ে দেয়। ৩১ আগস্ট দ্বিতীয় পর্যায়ে ৭১৫টি স্থাপনা বুঝিয়ে দেওয়া হয়।
পূজা কমিটির সভাপতি মনোরঞ্জন জানান, তিনি তাঁদের বংশের চতুর্থ প্রজন্মের একজন চা-শ্রমিক। তাঁর দাদা ও বাবার আমলে পূজা হতো সরাসরি মালিকের উপস্থিতিতে। পরবর্তী সময়ে মূল মালিকেরা আর বাগানের কর্তৃত্বে না থাকায় প্রায় চার দশক ধরে চা-শ্রমিকেরা পূজার আয়োজন করেন। অবশ্য পূজার খরচ চা-বাগান কর্তৃপক্ষই দিত। মনোরঞ্জন বলেন, ‘এইবার আনন্দ দ্বিগুণ হওয়ার কারণটাই হচ্ছে মূল মালিকের উপস্থিতি। তাঁরা শ্রমিক পরিবারের ছোট-বড় সবার সঙ্গে মিশে আছেন।’ নারী চা-শ্রমিক দিপালী মোদী তারাপুর চা-বাগানের পুরোনো শ্রমিকদের একজন। তিনি চা-পল্লির চারটি পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে এসেছেন মণ্ডপে। দিপালী বলেন, মণ্ডপে দুপুরে ভোজ থাকায় চা-পল্লির কোনো ঘরে রান্নাবান্না হয়নি। মালিকেরা সরাসরি নিমন্ত্রণ দিয়ে সবাইকে নিয়ে এসেছেন। এমন আতিথেয়তা এ বাগানে প্রায় চার দশক পর দেখছেন তাঁরা।
গতকাল সোমবার দুপুরে পূজামণ্ডপে গিয়ে দেখা যায়, পুষ্পাঞ্জলিতে ব্যস্ত সেবায়েত পঙ্কজ কুমার। সঙ্গে তাঁর চিকিৎসক স্ত্রী শুভা গুপ্তা। চা-শ্রমিকেরা দুজনকে অনেকটা মধ্যমণি করে পূজা-অর্চনায় মগ্ন। পুষ্পাঞ্জলি শেষে কথা হয় পঙ্কজ কুমারের সঙ্গে। কিছুটা আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, জেলা প্রশাসন তাঁকে বাগান বুঝিয়ে দিয়েছে। তবে আশপাশের স্থাপনাগুলোর মালিকানা পরে বুঝিয়ে দেওয়া হবে।
পুষ্পাঞ্জলি নিবেদন করে পঙ্কজ কুমার প্রথম আলোকে বলেন, ‘আমাদের পারিবারিক রীতি হচ্ছে দুর্গাপূজায় পাঁচ পদের তরকারি রান্না করে সবাইকে খাওয়ানো। চা-বাগানের শ্রমিক পরিবারগুলোতে পাঁচ তরকারির রান্না করা দুপুরের খাবার ১৯৮৮ সালের পর এবারই প্রথম খাওয়ালাম। এতে করে নিজের মনে একধরনের প্রশান্তি এসেছে।’
শুভা গুপ্ত বলেন, ‘বাগানের স্পর্শটাই আমাদের জন্য পরম আনন্দের। এত দিন বঞ্চিত ছিলাম। চা-গাছ থেকে শুরু করে শ্রমিক পরিবারের সবাইকে আপনজন মনে হচ্ছে।’