তারাপুর চা-বাগানের নামে ঋণ আছে কি না জানতে চান আদালত
দেবোত্তর সম্পত্তির অন্তর্ভুক্ত সিলেটের তারাপুর চা-বাগানের সম্পত্তি বন্ধক দিয়ে দেশের কোনো ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া হয়েছে কি না তা জানাতে নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। কেন্দ্রীয় ব্যাংককে ৩১ আগস্টের মধ্যে এই তথ্য দাখিল করতে বলা হয়েছে।
পাশাপাশি তারাপুর চা-বাগানে অবস্থিত রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের গত এক বছরের ব্যাংক হিসাব বিবরণী দাখিল করতে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ নির্দেশ দেন। ৩১ আগস্টের মধ্যে ওই বিবরণী দাখিল করতে বলা হয়েছে।
চলতি বছরের ১৯ জানুয়ারি আপিল বিভাগ এক রায়ে দেবোত্তর সম্পত্তির অন্তর্ভুক্ত তারাপুর চা-বাগান রাগীব আলীর নামে নেওয়া লিজ অবৈধ ঘোষণা করেন। বাগানের দখল বৈধ সেবায়েত বরাবর হস্তান্তর করতে সিলেটের জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ওই চা-বাগান পুনরুদ্ধার, দখল করে গড়ে ওঠা কলেজ, হাসপাতালসহ সব স্থাপনা ছয় মাসের মধ্যে সরিয়ে নিতেও নির্দেশ দেওয়া হয়।
আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, ওই রায়ে আসা পর্যবেক্ষণের আলোকে সেবায়েত নিয়োগের নির্দেশনা বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) পক্ষে আপিল বিভাগে আবেদন করা হয়। মেডিকেল কলেজ ও হাসপাতাল সরিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এক বছর সময় চেয়ে আরেকটি আবেদন করে। এর বাইরেও আগের সেবায়েতও একটি আবেদন করেন। গতকাল বিষয়টি শুনানির জন্য ছিল।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ইসকনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন, সঙ্গে ছিলেন আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস। আর রাগীব আলীর ছেলের পক্ষে ছিলেন আইনজীবী নজরুল ইসলাম চৌধুরী।