তারাপুর চা-বাগানের ভুয়া সেবায়েত মোস্তাক জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট দায়রা জজ আদালত প্রাঙ্গণে মোস্তাক মজিদ l ছবি: প্রথম আলো
সিলেট দায়রা জজ আদালত প্রাঙ্গণে মোস্তাক মজিদ l ছবি: প্রথম আলো

সিলেটে দেবোত্তর সম্পত্তি তারাপুর চা-বাগানের ভুয়া সেবায়েত দেওয়ান মোস্তাক মজিদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার মোস্তাক মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মো. সাইফুজ্জামান হিরো তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মাহফুজুর রহমান জানান, দুপুরে মোস্তাক আদালতে আত্মসমর্পণ করেন। গত ১০ আগস্ট তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। সেই থেকে তিনি পলাতক ছিলেন। গতকাল আদালতে হাজির হলে তাঁর পক্ষের আইনজীবীরা জামিন প্রার্থনা করেন। কিন্তু বিচারক তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর বিকেলে মোস্তাককে কারাগারে পাঠানো হয়।
মোস্তাক তারাপুর চা-বাগানের ভুয়া সেবায়েত সেজে একটি আমমোক্তারনামার মাধ্যমে রাগীব আলীর ছেলে আবদুল হাইয়ের কাছে বাগান বন্দোবস্ত দিয়েছিলেন। এ ঘটনায় ২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর সিলেটের তৎকালীন সহকারী ভূমি কমিশনার এস এম আবদুল কাদের বাদী হয়ে সরকারের হাজার কোটি টাকা প্রতারণা করে আত্মসাতের অভিযোগে মামলা করেন। এতে রাগীব আলী, তাঁর ছেলে, মেয়ে ও জামাতার সঙ্গে মোস্তাকও অভিযোগপত্রভুক্ত আসামি ছিলেন। সম্পর্কে তিনি রাগীব আলীর স্ত্রীর বড় বোনের ছেলে।