তারাপুরে রাগীব আলী 'অবাঞ্ছিত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাগীব আলী
রাগীব আলী

পালিয়ে ভারত যাওয়া রাগীব আলীকে সিলেটের তারাপুর চা বাগানের আবাসিক এলাকার বাসিন্দারা ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন। স্থাপনা সরাতে জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে বেঁধে দেওয়া সময় শেষ হওয়ার পরের দিন আজ রোববার পাঠানটুলা মোড়ে তারা অবস্থান কর্মসূচি পালন করে এ ঘোষণা দেয়।
রাগীব আলীর বিরুদ্ধে তারাপুর চা-বাগানসহ হাজার কোটি টাকার দেবোত্তর সম্পত্তি প্রতারণা ও জালিয়াতি করে দখলের ঘটনায় পৃথক দুটি মামলায় গত বুধবার আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই দিনই গ্রেপ্তার এড়াতে রাগীব আলী ছেলে, ছেলের বউসহ সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে ভারতের করিমগঞ্জ চলে যান।
রাগীব আলীর এভাবে পালিয়ে যাওয়ায় তারাপুর চা-বাগানের আবাসিক এলাকার বাসিন্দারা বিস্মিত। তারা ‘আমরা সিলেটবাসী’ ব্যানারে তারাপুরে রাগীব আলীর মেডিকেল কলেজ, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনা রক্ষার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় আজও তারা তারাপুর চা বাগানের মুখে পাঠানটুলা মোড়ে কর্মসূচি পালন করে। তবে আজ তারা রাগীবের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ বলে, এভাবে পালিয়ে যাওয়া প্রমাণ করে লোকটা প্রতারক ও জালিয়াত।

পরে অবস্থান কর্মসূচি থেকে রাগীব আলীকে তারাপুর চা বাগানে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। তারাপুর এলাকার প্রবীণ বাসিন্দা আবদুর রাজ্জাক খানের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগান দখল করে বিধিবহির্ভূত স্থাপনা নির্মাণ করায় ১৯৯৯ সালের ২৫ আগস্ট ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত তৎকালীন সংসদীয় স্থায়ী কমিটি তদন্ত করে সত্যতা পায়। পরে সংসদীয় উপকমিটি চা-বাগানে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। এ সুপারিশের পরিপ্রেক্ষিতে ২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর তৎকালীন সিলেট সদর ভূমি কমিশনার এসএম আবদুল কাদের বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় দুটো মামলা করেন। পরবর্তীতে এ মামলা উচ্চ আদালত থেকে স্থগিত করা হয় এবং পুলিশ তদন্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল।

গত ১৯ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি পূর্ণাঙ্গ বেঞ্চ দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগান পুনরুদ্ধারে রায় দেন। এতে ওই দুটো মামলা সক্রিয় করার নির্দেশনাও দেওয়া হয়। উচ্চ আদালতের এ নির্দেশনায় গত ১৬ মার্চ সরকারি কৌঁসুলির (পিপি) আবেদনের পরিপ্রেক্ষিতে দুটো মামলা সক্রিয় করা হয়। ১০ জুলাই রাগীব আলীসহ ছয়জনকে অভিযুক্ত করে পৃথক দুটো অভিযোগপত্র আদালতে দাখিল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

উচ্চ আদালতের রায় বাস্তবায়নে সিলেটের জেলা প্রশাসন তারাপুর চা বাগান থেকে রাগীব আলীর স্থাপন করা মেডিকেল কলেজ, হাসপাতালসহ কেনাবেচা করে আবাসিক প্লটসহ সব অবৈধ স্থাপনা গতকাল শনিবারের (১৩ আগস্ট) মধ্যে সরাতে গণবিজ্ঞপ্তি জারি করে। এসব স্থাপনা না সরালে পরবর্তীতে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।