নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ হয়ে রূপগঞ্জ উপজেলা সদরে যাওয়ার পথে তারাব পৌরসভার ভেতরে বিসিকের জামদানিপল্লির অবস্থান। সেখানে কয়েক শ তাঁতে নারী-পুরুষ মিলিয়ে এক হাজারের বেশি কারিগর কাজ করছেন। যুগ যুগ ধরে সেখানে জামদানি শাড়ি তৈরি হয়ে আসছে। এই শাড়ি তৈরিতে রূপগঞ্জ এলাকার রূপসী, হাজিপাড়া, বেছাকুর, খাদুন, মইকলি, মোরগাকুল, পবনকুল, বরাবো, সোনারগাঁয়ের বারদী ও বারগাঁওয়ের খ্যাতি দীর্ঘদিনের।দেশের বিভিন্ন মার্কেট ছাড়াও এই শাড়ি পৌঁছে যায় বিশ্বের বিভিন্ন দেশের বাজারে। এর একটি বড় বাজার আছে ভারতে। জামদানি বাজারজাতকরণে ডেমরা ও বিসিক জামদানিপল্লিতে প্রতি শুক্রবার ভোররাতে দেড় থেকে দুই ঘণ্টার জন্য বাজার বসে। রাত তিনটা-সাড়ে তিনটার দিকে বিভিন্ন এলাকা থেকে তাঁতমালিকেরা তাঁদের এক সপ্তাহের তৈরি শাড়ি নিয়ে হাটে আসেন। বিভিন্ন এলাকার পাইকারেরা সেখানে গিয়ে সেসব শাড়ি কিনে আনেন। সাপ্তাহিক এই হাটের সঙ্গে তাঁতশ্রমিকদের বেতন দেওয়ার বিষয়টি সম্পৃক্ত।বাজারের পরিসর বৃদ্ধি ও চাহিদায় কমতি না থাকলেও এই শিল্পে কর্মরত শ্রমিকেরা এখন খুব বেশি ভালো নেই। অনেকটা দুর্বিষহ জীবন কাটছে তাঁদের। দৈনিক ১৫ ঘণ্টা খাটুনির পর মজুরি পান মাত্র ১৩৫ টাকা। একই সময় কাজ করে তাঁদের সহযোগীরা পান ৮০ টাকা। সপ্তাহ শেষে এই বেতন দিয়েই চলে তাঁদের সংসার। রূপগঞ্জের তারাব জামদানিপল্লির কারিগর কবির হোসেন (৩২) আক্ষেপ করে বলেন, ‘আমাগো বানানো জামদানি প্রধানমন্ত্রীও পরেন। কিন্তু আমাগো ভাগ্য বদলায় না। এইখানে যে শাড়ি পাঁচ হাজার টাকায় বিক্রি হয়, সেই শাড়ি বড় মার্কেটে ১২ হাজার টাকা। আমাগো দিয়া অন্যরা ব্যবসা করে। আমরা কিছুই পাই না।’কবির হোসেন ১৭ বছর ধরে নিপুণ হাতে তৈরি করেন জামদানি। বাবা আবদুল খালেকের হাত ধরেই কাজে এসেছিলেন। তখন তাঁর বয়স ছিল ১৭ বছর। দারিদ্র্যের কারণে লেখাপড়া না শিখে এ পেশায় এসেছেন। কারিগর হিসেবে তিনি মাসে বেতন পান চার হাজার ৪০০ টাকা। এই টাকা সাপ্তাহিক ভিত্তিতে দেওয়া হয়। এই দিয়েই চলে তাঁর চারজনের সংসার। দেলোয়ার হোসেন (৩৫) জামদানির কারিগর হিসেবে আছেন ১৮ বছর ধরে। লেখাপড়া করতে পারেননি। হেলপার থেকে কারিগর হয়েছেন অনেক আগেই। বেতন পান চার হাজার ৪০০ টাকা। এ দিয়েই চলে পাঁচজনের সংসার। তারাব জামদানিপল্লির ভেতরে ঢুকতেই বাবুল মিয়ার কারখানা। আটটি তাঁত খটাখট শব্দে বুনে চলছে জামদানি। ভোর ছয়টা থেকে রাত প্রায় ১০টা পর্যন্ত চলে একই কাজ। প্রতিটি তাঁতে রয়েছেন দুজন শ্রমিক। একজন কারিগর, আরেকজন তাঁর সহযোগী। কারিগরদের প্রত্যেকেই হেলপার থেকে এই পদে এসেছেন। হেলপারদের কাজ করতে হয় অনেকটাই পেটে-ভাতে। বেতনপ্রাপ্তি শুরু হতে লেগে যায় প্রায় দুই বছর। লেখাপড়া ছেড়ে বাবুল মিয়ার তাঁতে কাজ নিয়েছে বেশ কয়েকটি শিশু। আটটি তাঁতে আটজন হেলপারের বয়স একেবারেই কম। আরিফ (১২), শরীফ (১৪), মামুন (১৬), রাজন (১১) কাজ করছে সেই জামদানি কারখানায়। সবাই জানাল, পারিবারিক সংকটের কারণে তারা এ পথে এসেছে। আরিফ ও শরীফের বাবা নূর হোসেন। বাড়ি কিশোরগঞ্জে। দুই বছর ধরে হেলপার হিসেবে কাজ করছে। কেবল বেতন পেতে শুরু করেছে। এত দিন পেটে-ভাতে কাজ করেছে। সব তাঁতেই দেখা গেল শিশুশ্রমিক।পল্লির ভেতরে আবদুর রশিদের তাঁত। সেখানে তৈরি হয় জামদানি টুপিস। প্রতিটি বিক্রি হয় এক হাজার ৬০০ টাকায়। তাঁতমালিক জানান, সুতাসহ অন্যান্য উপকরণের দাম বেড়ে যাওয়ায় এই পেশায় সম্পৃক্ত ব্যক্তিদের সংকট কাটছে না। জামদানি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও সরকারিভাবে তাঁতিদের উন্নয়নে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাঁতশিল্পে শিশুশ্রমিক নিয়োগ প্রসঙ্গে আবদুর রশিদ বলেন, ‘এটা অত্যন্ত সূক্ষ্ম কাজ। তাই ছোটবেলা থেকেই তৈরি হতে হয়। বড়রা এ কাজের জন্য নিজেকে তৈরি করতে পারে না। এ কারণে বিভিন্ন এলাকা থেকে জামদানিতে কাজ করতে আসে ছোট ছোট ছেলেমেয়ে। কাজ শিখলে যেকোনো কারখানায় চাকরির সুযোগ হয় তাদের। তিনি বলেন, ‘জামদানির বাজার আগের চেয়ে ভালো হলেও কারখানার মালিক ও শ্রমিকেরা মজুরি পান খুবই কম। ব্যবসা আমরা পাই না, আমাদের তৈরি কাপড় দিয়ে ব্যবসা করে বড় দোকান-মালিকেরা।’ তাঁতি লেহাজউদ্দিন (৫০), আবদুর রহিমসহ আরও কয়েকজন জানান, তারাবর জামদানিপল্লির তাঁতিদের উন্নয়নে সরকারের কোনো পদক্ষেপ নেই। বিসিকের উদ্যোগে জামদানিশিল্পে জড়িত ব্যক্তিদের জন্য এই পল্লি নির্মাণ করা হলেও এতে নেই ন্যূনতম নাগরিকসুবিধা। নানা সংকটে জর্জরিত এই পল্লির অবস্থা এখন বস্তির চেয়েও জরাজীর্ণ।