তারাব পৌরসভায় সেনা মোতায়েনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার নির্বাচনে কাল সোমবার ভোট গ্রহণ করা হবে। নির্বাচনের আগে গতকাল শনিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের হানিফ খান মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির নেতারা অভিযোগ করেন, পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর পক্ষে গণসংযোগ করা হচ্ছে। এ ছাড়া বিএনপির প্রার্থীকে হত্যার হুমকি, দলীয় লোকজনকে প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, নারায়ণগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, জেলা বিএনপির নেতা আনোয়ার হোসেন খান, শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, কেন্দ্রীয় যুবদলের নেতা মাকসুদুর রহমান খোরশেদ, তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মেয়র পদপ্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরী প্রমুখ।