তারাবতে গাজীর সম্মানের লড়াই!
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা গাজী। তিনি নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাংসদ গোলাম দস্তগীর গাজীর স্ত্রী।
তারাব পৌরসভার ভোটারদের অনেকেরই কথা, এ নির্বাচন সাংসদ দস্তগীর গাজীর সম্মানের বিষয়। স্ত্রীকে পৌর মেয়র বানাতে নেপথ্যে কাজ করছেন সাংসদ গাজী নিজেই। যদিও দস্তগীর গাজী নির্বাচনে তাঁর ‘কোনো প্রভাব’ নেই বলে দাবি করেছেন।
তারাব পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন। হাসিনা গাজী ছাড়া বাকি চার প্রার্থী হলেন বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ, বিএনপির দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান পৌর মেয়র শফিকুল ইসলাম চৌধুরী, ইসলামী আন্দোলনের শিব্বির আহমেদ এবং স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান।
পৌরসভার বরপা এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক ভোটার বলেন, ‘এই নির্বাচন এখন সাংসদের সম্মানের বিষয়। কেননা, ওনার স্ত্রী নিজেই মেয়র প্রার্থী হয়েছেন। স্ত্রী পরাজিত হলে সাংসদের সম্মান থাকে না এলাকায়।’
ঢাকা বিভাগে আওয়ামী লীগের একমাত্র নারী মেয়র প্রার্থী হাসিনা গাজী। তবে তারাব পৌরসভার বৈশিষ্ট্য হলো, এখানে বিরোধী দল হয়েছে। ২০০২ সালে তারাব পৌরসভা গঠিত হয়। প্রথম নির্বাচনে ২০০৩ সালে ক্ষমতাসীন বিএনপির প্রার্থীকে পরাজিত করে মেয়র হয়েছিলেন আওয়ামী লীগের প্রার্থী। ২০১০ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে নির্বাচিত হন বিএনপির প্রার্থী বর্তমান মেয়র শফিকুল ইসলাম চৌধুরী।
এই পৌরসভার ৯টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ২, ৬, ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিন সংরক্ষিত নারী কাউন্সিলর পদের মধ্যে ১ ও ২ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। খাদুন এলাকার ভোটার রফিকুল ইসলাম বলেন, যেসব কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, তাঁরা সবাই ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ত। ওয়ার্ডগুলোতে আগের মেয়াদে বিরোধী দলের সমর্থক প্রার্থীরা কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর প্রার্থীদের নির্বাচিত হওয়ার প্রসঙ্গ তুলে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহম্মেদ বলছিলেন, ক্ষমতাসীন দলের কর্মীরা বিএনপির সমর্থকদের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন।
গোলাম দস্তগীর গাজী ভয়ভীতি দেখানো বা প্রভাব খাটানোর চেষ্টার অভিযোগ অস্বীকার করেন। গত সোমবার প্রথম আলোকে তিনি বলেন, ‘নির্বাচনে আমার কোনো প্রভাব নেই। আমি দলীয় প্রার্থীর পক্ষেও কিছু করছি না।’
মোটরসাইকেলভীতি: তারাবর কয়েকটি এলাকায় ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত আটটা পেরোলেই ১০-১২টি মোটরসাইকেল একযোগে শহরের মাঝে চক্কর দেয়। নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই এটি শুরু হয়েছে। মোটরসাইকেলধারী এসব যুবক এলাকার পরিচিত মুখ না বলেই ভোটাররা জানান। আড়িয়াবো এলাকার ভোটার শওকত আলী বলছিলেন, রাতের বেলায় মোটরসাইকেল বহরের মহড়া আরও আতঙ্ক বাড়াচ্ছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, ভোট গ্রহণের নির্দিষ্ট সময়ের আগে-পরে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন। আইনশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট রয়েছে পুলিশ।