তারাবতে নির্বাচনে কারচুপির ষড়যন্ত্রের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে কারচুপি ও ভোটকেন্দ্র দখলের ষড়যন্ত্র এবং পোলিং এজেন্টদের মারধর করার অভিযোগ করেছেন বিএনপির দলীয় ও বিদ্রোহী প্রার্থী। এ বিষয়ে তাঁরা গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দেন।

বিএনপির বিদ্রোহী প্রার্থী তারাব পৌরসভার বর্তমান মেয়র মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরী বলেন, আওয়ামী লীগের সমর্থকেরা প্রতিটি কেন্দ্রে প্রায় ২০০ জন করে লোক রাখবেন। তাঁরা লাইনে দাঁড়িয়ে থাকবেন। এতে সাধারণ মানুষ ভেতরে ঢুকতে পারবে না। আর ভেতরে ব্যালটে সিল মারা হবে। এ জন্য চনপাড়া বস্তি থেকে লোকজন জড়ো করা হবে ভোটকেন্দ্রে।

বিএনপির দলীয় প্রার্থী মো. নাসির উদ্দিন আহমেদ অভিযোগ করেন, ‘আমাদের পোলিং এজেন্টদের মারধর করা হচ্ছে। তাঁদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানালেও কোনো কাজ হয়নি। প্রশাসন সুষ্ঠু নির্বাচন করতে চাইলেও এলাকার এমপি সাহেব (গাজী গোলাম দস্তগীর) চাইছেন না। তিনি এলাকায় থেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছেন।’

তবে অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের প্রার্থী হাসিনা গাজী বলেন, বিএনপির প্রার্থীরা সোনারগাঁসহ বাইরের বিভিন্ন এলাকা থেকে লোক জড়ো করে ভোটের দিন বিশৃঙ্খলা সৃষ্টি করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর ষড়যন্ত্র করছেন। তিনি বলেন, ‘আমি নিশ্চিত, নির্বাচনে জয়ী হব। তাহলে আমি কেন চাইব নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে? তারা নির্বাচন বানচাল করার জন্য বিভ্রান্তি ছড়াচ্ছে।’

রিটার্নিং কর্মকর্তা ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লোকমান হোসেন বলেন, ‘দুই প্রার্থীর অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’