তারামন বিবি হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারামন বিবিকে (বীর প্রতীক) রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। কয়েক দিন থেকে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় চিকিৎসকদের পরামর্শে বাড়িতেই অক্সিজেন দিয়ে রাখা হতো তাঁকে। গতকাল শুক্রবার শারীরিক অবস্থার অবনতি হলে কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহায়তায় দুপুর ১২টায় তাঁকে সিএমএইচে নেওয়া হয়।

রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, কয়েক দিন আগে তারামন বিবির হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায়। এর ফলে অক্সিজেন ও নেবুলাইজার দেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানোর পরামর্শ দেওয়া হয়।

তারামন বিবির ছেলে আবু তাহের বলেন, উপজেলার কাচারীপাড়া গ্রামে পরিবারের সঙ্গে থাকেন তারামন বিবি। রাজীবপুর হাসপাতালের চিকিৎসক দেলোয়ার হোসেন বাড়িতে এসে চিকিৎসা দিয়ে যেতেন। বৃহস্পতিবার রাতে অবস্থার অবনতি হলে তাঁকে রংপুরে নেওয়ার পরামর্শ দেন তিনি। জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খানের সহযোগিতায় গতকাল তাঁকে রংপুর সিএমএইচে নেওয়া হয়। তাঁকে হাসপাতালের জরুরি বিভাগের ১ নম্বর বেডে রাখা হয়েছে।

হাসপাতাল থেকে মুঠোফোনে তারামন বিবি প্রথম আলোকে বলেন, ‘শরীর খুব খারাপ। গলা বইসা গেছে। চলতে পারি না। নিশ্বাস বন্ধ হইয়া আসে।’