তারামন বিবিকে সিএমএইচে স্থানান্তর
বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তারামন বিবিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতাল থেকে তাঁকে সিএমএইচে নেওয়া হয়। তাঁর ছেলে আবু তাহের এ কথা জানিয়েছেন। খবর বাসস।
আবু তাহের বলেন, ‘হাসপাতালের আইসিইউতে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মাকে বেডে স্থানান্তর করা হয়েছে। বক্ষব্যাধি হাসপাতালের পরিচালককে প্রধান করে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে সিএমএইচে নেওয়া হয়।’ শ্বাসকষ্ট নিয়ে গত সোমবার কুড়িগ্রাম থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তারামন বিবিকে। এর আগেও একই সমস্যা নিয়ে রংপুর সিএমএইচে চিকিৎসা নেন তিনি।
কুড়িগ্রামের শংকর মাধবপুরে ১১ নম্বর সেক্টরে কমান্ডার আবু তাহেরের অধীনে মুক্তিযুদ্ধে অংশ নেন তারামন বিবি। মুক্তিযুদ্ধে অবদানের জন্য ১৯৭৩ সালে সরকার তাঁকে বীর প্রতীক খেতাব দেয়।