তারামন বিবির চিকিৎসায় এগিয়ে এসেছে অনেকে
অসুস্থ বীর প্রতীক তারামন বিবির চিকিৎসা-সহায়তায় এগিয়ে এসেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।তারামন বিবির চিকিৎসা-সহায়তায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় নগদ ১০ হাজার টাকা, কুড়িগ্রামের জেলা প্রশাসক ১০ হাজার, পুলিশ সুপার পাঁচ হাজার ও ব্র্যাক ব্যাংক ১০ হাজার টাকা দিয়েছে।গত সোমবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের পক্ষে রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ. কাদের এবং ব্র্যাক ব্যাংকের একটি প্রতিনিধিদল তারামন বিবির হাতে টাকাগুলো তুলে দেয়। এ সময় ব্র্যাক ব্যাংকের মিডিয়া ম্যানেজার মো. আবদুর রহিম জানান, তারামন বিবির চিকিৎসার জন্য প্রতি মাসে ব্যাংকের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। কুড়িগ্রামের জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, তারামন বিবির চিকিৎসার জন্য সব ব্যবস্থা করা হবে। তিনি জানান, গতকাল মঙ্গলবার তারামন বিবি চিকিৎসার জন্য ঢাকা রওনা হয়েছেন।গত শনিবার সকালে তারামন বিবিকে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তারামন বিবি উপজেলার কাচারীপাড়া গ্রামের বাড়ি চলে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আমিনুল ইসলাম প্রথম আলোকে জানান, যক্ষ্মায় আক্রান্ত হওয়ায় তারামন বিবির শরীর অনেক দুর্বল হয়ে গেছে। তাঁর ফুসফুসের অবস্থা নাজুক। শ্বাসকষ্ট, কাশি ও শারীরিক দুর্বলতাসহ নানা সমস্যায় ভুগছেন তিনি।উল্লেখ্য, রোববার প্রথম আলোয় তারামন বিবির অসুস্থতার বিষয়ে একটি খবর প্রকাশিত হয়।