তারার আলোয় উদ্ভাসিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠ
দেশের বিশিষ্ট ব্যক্তিদের পদচারণে মুখরিত হয়ে ওঠে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর শহীদ বিদ্যাপীঠ প্রাঙ্গণ। গতকাল শনিবার তাঁরা প্রত্যন্ত এলাকার বিদ্যালয়টি পরিদর্শন করে ও কার্যক্রম দেখে অভিভূত হয়ে পড়েন। দুপুর সাড়ে ১২টায় আগত অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন শিক্ষক-শিক্ষার্থীরা। প্রথমেই আসেন বিশিষ্ট লেখক ও ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ। তারপর একে একে আসেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, সমাজসেবক মোহাম্মদ আলী, ছড়াকার ও গ্রন্থাগারের পরিচালক আলম তালুকদার, প্রাবন্ধিক ফয়জুল লতিফ চৌধুরী, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, সাংসদ তহুরা আলী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক শফি আহমেদ, হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজ ও স্ত্রী মেহের আফরোজ শাওন।আমন্ত্রিত অতিথিরা আসন গ্রহণ করার পর বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন ও অ্যাক্রোবেটিক শো উপস্থাপন করে। শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশ্ন করেন সময়মতো বই পেয়েছে কি না। জবাবে সবাই হাত তুলে উত্তর দেয়। রাশেদা কে চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘সুনামগঞ্জে বিদ্যালয়ে আসার পথে নৌ-দুর্ঘটনায় সাতজন ছাত্রী মারা যাওয়ার পর ওই গ্রামের অভিভাবকেরা মেয়েদের বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছিলেন। পরে আমি সেখানে ছুটে গিয়ে তাঁদের বিদ্যালয়ে পাঠাতে অনুরোধ করে আসি। মেয়েরা যদি শিক্ষা লাভ করতে না পারে, তাহলে দেশের উন্নয়ন থেমে যাবে।’মেহের আফরোজ শাওন বলেন, ‘ভালো পড়াশোনা করতে পারলে তোমরাও একদিন এসব অতিথির মতো বরণীয় হবে।’ কেন্দুয়ার প্রত্যন্ত গ্রাম কুতুবপুরের বাসিন্দা হুমায়ূন আহমেদ। ১৯৯৬ সালে এই গ্রামে প্রতিষ্ঠা করেন বিদ্যালয়টি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে হুমায়ূন আহমেদের বাবা ফয়জুর রহমান আহমেদ পিরোজপুর জেলায় পুলিশে কর্মরত অবস্থায় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শহীদ হন। আর নাম না জানা অসংখ্য শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিদ্যালয়টির নামকরণ করেন ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’। তিন একর জায়গার ওপর প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ২০০৮ সালে অষ্টম শ্রেণী পর্যন্ত সরকারি স্বীকৃতি লাভ করলেও এমপিওভুক্তি এখনো হয়নি। এ বিদ্যালয়ে রয়েছেন ১২ জন শিক্ষক ও দুজন কর্মচারী। বিভিন্ন বিষয়ের প্রায় চার হাজার বই, মুক্তিযুদ্ধের দুর্লভ আলোকচিত্র ও দলিলপত্র নিয়ে রয়েছে একটি সমৃদ্ধ গ্রন্থাগার। প্রতিবছর দুটি সেকশনে ৩০ জন করে ৬০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারে। বিদ্যালয়ে রয়েছে একটি বিনা পয়সার চিকিৎসাকেন্দ্র। প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়ের যাবতীয় খরচ হুমায়ূন আহমেদ নিজে বহন করে আসছেন। কুতুবপুর গ্রামের বৃদ্ধ ছাবেদ আলী (৮৫) বলেন, ‘হুমায়ূন এই গ্রামে একটা ইস্কুল কইরা আশপাশের গ্রামের পোলাপানের লেহাপড়ার সুযোগ কইরা দিছে। এর থাইক্কা বালা কাজ আর অয় না। এই ইস্কুলে লেহাপড়া খুব বালা অয়।’ নেত্রকোনা জেলার মধ্যে এ বিদ্যালয়টি বিগত জেএসসি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে। এমপিওভুক্তি না হওয়ায় গ্রামের অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের কেউ কেউ জানান, এ বিদ্যালয়টি যে মানের তার চেয়ে অনেক কম মানসম্পন্ন বিদ্যালয় এমপিওভুক্ত হয়েছে।