সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি হতে পারেননি ১৩ জন ছাত্রী। এতে অনিশ্চিত হয়ে পড়েছে এসব শিক্ষার্থীর ভবিষ্যৎ। ভর্তির কার্যক্রমের দিন এগিয়ে নিয়ে আসার তথ্য যথাযথভাবে না জানানোয় তাঁরা এ বিপাকে পড়েছেন।
কলেজ সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি ইন্টারনেটে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের বিভিন্ন বিষয়ে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
ওই দিনই ভর্তির সময়সীমা ২৮ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করে একটি ই-মেইল পোস্ট করা হয়। কিন্তু পরবর্তী সময়ে আগের দেওয়া ই-মেইলটি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রত্যাহার করে ভর্তির সময়সীমা এগিয়ে ২৮ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি নির্ধারণ করে আরেকটি ই-মেইল পোস্ট করে।
এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম ই-মেইলের ভিত্তিতে বাংলা, ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন ও ভূগোল বিভাগের ভর্তির তারিখ ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি উল্লেখ করে ৩০ জানুয়ারি একটি বিজ্ঞপ্তি দেয়। আর পরের ই-মেইলের ভিত্তিতে ৮ ফেব্রুয়ারি কলেজ কর্তৃপক্ষ ভর্তির তারিখ ৯ ও ১০ ফেব্রুয়ারি উল্লেখ করে আরেকটি বিজ্ঞপ্তি দেয়।
কলেজে ভর্তি হতে না পারা ছাত্রীরা জানান, কলেজের নোটিশ বোর্ড থেকে তাঁরা জেনেছেন, ১১ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁরা ভর্তি হতে পারবেন। কিন্তু গতকাল মঙ্গলবার ভর্তি হতে এসে তাঁরা জানতে পারেন, তাঁদের ভর্তির তারিখ ১০ ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে।
শ্যামনগর উপজেলার আকলিমা খাতুন অর্থনীতি বিভাগে ভর্তির সুযোগ পেয়েছিলেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ভর্তির তারিখ পিছিয়ে যায় বা এগিয়ে আসে, এটা আমি কখনো শুনিনি।’ আক্ষেপ করে এই ছাত্রী বলেন, ‘ভর্তি হতে না পারলে আমার আর লেখাপড়া করা হবে না। এর দায় কে নেবে?’
একই ধরনের কথা বললেন ভর্তি হতে না পারা কালীগঞ্জ উপজেলার মৌসুমী খাতুন, তালা উপজেলার নগরঘাটা গ্রামের রুবানা ইয়াসিন ও সাতক্ষীরা সদর উপজেলার জর্দিয়া গ্রামের সুরাইয়া সুলতানা।
কলেজের উপাধ্যক্ষ মো. আনারুজ্জামান বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একই তারিখে ইস্যু করা দুটি নোটিশ পাঠিয়েছে ই-মেইলে। সাধারণত কোনো চিঠি পরিবর্তন ও পরিমার্জন করলে ‘সংশোধিত বিজ্ঞপ্তি’ উল্লেখ করা হয়ে থাকে।
কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের আগের চিঠিটি প্রত্যাহার করে একই তারিখে ইস্যু করা একটি বিজ্ঞপ্তিতে তারিখ ১৩ ফেব্রুয়ারি পরিবর্তন করে ১০ ফেব্রুয়ারি করেছে। চিঠিতে সংশোধিত শব্দটি ব্যবহার করেনি। এমনকি কোন তারিখে ই-মেইলটি পোস্ট করেছে, তাও বোঝার উপায় নেই।
কলেজের উপাধ্যক্ষ বলেন, তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ই-মেইল পাওয়ার পর ভর্তির সুযোগ পাওয়া ছাত্রীদের শুধু নোটিশ দিয়ে নয়, মুঠোফোনেও জানানোর চেষ্টা করেছেন। কিন্তু সব ছাত্রীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা যায়নি। তিনি বলেন, বিষয়টি তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করেছেন।