তদন্তে দুর্নীতি প্রমাণিত হয়েছে আগেই। জেলা প্রশাসক তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউনিয়ন পরিষদ আইন-২০০৯ অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগে চিঠিও দিয়েছেন। বিষয়টি শুনানির জন্য তিনবার দিনও নির্ধারণ হয়েছিল। কিন্তু একবারও শুনানি হয়নি। তিনি বহাল তবিয়তেই আছেন।
এই তিনি যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পরিতোষ কুমার বিশ্বাস। তাঁর বিরুদ্ধে দুটি মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। অভিযোগপত্র দুটি আদালতে গৃহীতও হয়েছে। এরপরও তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না স্থানীয় সরকার বিভাগ।
ইউনিয়ন পরিষদ আইন-২০০৯-এর ৩৪ ধারার উপধারা (৪)-এ বলা হয়েছে, চেয়ারম্যান তাঁর স্বীয় পদ থেকে অপসারণযোগ্য হবেন যদি তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলায় অভিযোগপত্র আদালত কর্তৃক গৃহীত হয় অথবা তিনি অসদাচরণের জন্য দায়ী হন।
জেলা প্রশাসন সূত্র জানায়, স্থানীয় সরকার বিভাগের যশোরের উপপরিচালক মো. জহুরুল হক পরিতোষের দুর্নীতির অভিযোগের তদন্ত শেষে ২০১৩ সালের ২৯ মে জেলা প্রশাসকের কাছে একটি প্রতিবেদন দেন। এতে তিনি উল্লেখ করেন, পরিতোষ আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (ইরি) বিনা মূল্যের ধানবীজ কৃষকদের কাছে বিক্রি করেছেন, স্থানীয় সরকার শক্তিশালীকরণ প্রকল্পের (এলজিএসপি) আওতাধীন দুটি প্রকল্পের কাজ আংশিক করে তিনি টাকা আত্মসাৎ করেছেন এবং সুন্দলী ইউনিয়নের জন্য বরাদ্দ ৮৫ মেট্রিক টন খাদ্যশস্যের বিপরীতে প্রকল্প গ্রহণের জন্য ইউপি সদস্যদের কাছ থেকে টনপ্রতি পাঁচ হাজার টাকা করে নিয়েছেন।
পরিতোষ ১১ জন দুস্থ নারীর চাল আত্মসাৎ ও তা জানাজানি হওয়ার পর বাড়ি বাড়ি গিয়ে ফেরত দেওয়া, বার্ষিক উন্নয়ন প্রকল্প (এডিপি) ও এলজিএসপির আওতাধীন বিভিন্ন প্রকল্পের কাজেও অনিয়ম করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, কাজ চলমান থাকায় ইউএনডিপির অর্থায়নে গৃহীত ৭১ লাখ টাকার প্রকল্পের টাকা আত্মসাৎ-সংক্রান্ত অভিযোগ প্রমাণ করা গেল না। তবে প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগে পরে ইউএনডিপির কর্মকর্তারা পরিতোষ চেয়ারম্যানকে দুই লাখ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন। সেই অনুয়ায়ী তিনি দুই লাখ টাকা ফেরতও দিয়েছেন বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রিজিবুল ইসলাম জানিয়েছেন।
এরপর চেয়ারম্যান পরিতোষ কুমার বিশ্বাসের বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯-এর ৩৪ ধারার বিধানমতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে যশোরের তৎকালীন জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান ২০১৩ সালের ১৭ জুন স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে চিঠি দেন। এর পরিপ্রেক্ষিতে গত ২৬ মে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. সিরাজুল ইসলামের দপ্তরে শুনানির জন্য চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়। কিন্তু শুনানি হয়নি। ২৫ জুন শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়। এবারও শুনানি অনুষ্ঠিত হয়নি। সর্বশেষ গত ২৮ জুলাই শুনানির দিন নির্ধারণ করা হয়। ২৮ জুন স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব জুলিয়া মঈন শুনানির চিঠিতে সই করেন। কিন্তু এদিনও শুনানি হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘সংশ্লিষ্ট কর্মকর্তা প্রথম ও দ্বিতীয় দিন কী কারণে শুনানি করেননি, তা বলতে পারব না। তবে শেষ দিন শুনানির আগে এলাকায় জলাবদ্ধতার কারণ দেখিয়ে সময় চেয়ে আবেদন করায় শুনানি অনুষ্ঠিত হয়নি। তা ছাড়া চিঠিটাও ত্রুটিপূর্ণ। যে সাতজন কর্মকর্তাকে শুনানিতে অংশগ্রহণের জন্য তিনবার চিঠি দেওয়া হয়েছে, তাঁদের অবমুক্তির জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কোনো চিঠিই দেওয়া হয়নি। সুতরাং শুনানিতে তাঁদের অংশগ্রহণের কোনো সুযোগ নেই।’
অপর এক কর্মকর্তা বলেন, ‘তদন্তে দুর্নীতির প্রমাণ মিলেছে। প্রতিবেদনে সেটা স্পষ্ট উল্লেখ আছে। এতে শুনানির কোনো প্রয়োজন নেই। সিদ্ধান্ত গ্রহণ করতে অযথা বিলম্ব করা হচ্ছে।’