তারুণ্য উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দ শোভাযাত্রা, ফ্ল্যাশ মব, ফানুস উৎসব ও নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চতুর্থ তারুণ্য উৎসব গতকাল শুরু হয়েছে।
প্রতি জাগরণের পর, সময় আমাদেরই স্লোগানকে সামনে রেখে উৎসবের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি (চুয়েটডিএস)। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় রয়েছে প্রথম আলো ও মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি।
গতকাল বিকেল সাড়ে চারটায় শোভাযাত্রায় অংশগ্রহণের পর বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন কথাসাহিত্যিক হরিশংকর জলদাস। এরপর বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এলাকায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে মনোজ্ঞ ফ্ল্যাশ মব (নাচ) পরিবেশন করেন শিক্ষার্থীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম। এ ছাড়া অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. রফিকুল আলম ও ছাত্রকল্যাণ পরিচালক আশুতোষ সাহা।
হরিশংকর জলদাস উদ্বোধনী বক্তব্যে তরুণদের উদ্দেশে বলেন, ‘তরুণরা ভাঙার জন্য, তরুণরা গড়ার জন্য, নতুন কিছু করার জন্য। দেশ, সমাজ, সাহিত্য, সংস্কৃতি সবকিছুই তরুণদের দিকে তাকিয়ে আছে। এ দায়বদ্ধতা অনুভব করে তাদের নতুন প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।’ উপাচার্য মো. জাহাঙ্গীর আলম সব বয়সের মানুষকেই তারুণ্যের চেতনায় উদ্ভাসিত হয়ে একত্রে কাজ করার আহ্বান জানান।