তারুণ্য উৎসব শেষ হলো জমজমাট প্রতিযোগিতায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাণবন্ত বিতর্ক আর মনকাড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে চট্টগ্রামে শেষ হলো তিন দিন ধরে চলা ‘কনফিডেন্স সিমেন্ট-প্রথম আলো তারুণ্য উৎসব ২০১৪’। জেলা শিল্পকলার মুক্তমঞ্চে গতকাল শনিবার প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
বিতর্ক বিভাগে বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে কলকাকলি উচ্চবিদ্যালয় এবং কলেজ পর্যায়ে বিজয়ী হয়েছে সরকারি হাজী মুহাম্মদ মুহসীন কলেজ। আর আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম তিনটি স্থান দখল করেছে পর্যায়ক্রমে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পোর্ট সিটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী রিফাত শবনম ও ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী হিমিকা তাসনিম।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া, চট্টগ্রাম ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ইরশাদ কামাল খান ও কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের নির্বাহী পরিচালক জহিরউদ্দিন আহমেদ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাসিনা জাকারিয়া বলেন, একটি দেশকে ধ্বংস করতে তার সংস্কৃতি ধ্বংস করাই যথেষ্ট। এ দেশের সংস্কৃতির ওপর যাতে আর কোনো আঘাত আসতে না পারে, তার দায়িত্ব তরুণদের। তরুণ বয়সটিই সব কর্মযজ্ঞের উপযুক্ত সময়। তরুণেরা যত বেশি সাংস্কৃতিক চর্চা করবেন, দেশ তত পরিশুদ্ধ হবে।
ইরশাদ কামাল খান বলেন, পৃথিবীর ইতিহাসে দেখা গেছে, তরুণেরাই দেশের ক্রান্তিলগ্নে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন, তাঁরাই ইতিহাসের মোড় ঘুরিয়েছেন। বাংলাদেশের ইতিহাস তাই। এ প্রজন্মের মধ্যেও প্রচণ্ড দেশপ্রেম রয়েছে।
জহিরউদ্দিন আহমেদ বলেন, পাঠ্যপুস্তকের বাইরেও তরুণেরা সৃজনশীল, মননশীল কাজের সঙ্গে জড়িয়ে থাকুন—এটাই কামনা। তারুণ্য উৎসব আয়োজন করায় প্রথম আলোকে তিনি ধন্যবাদ জানান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী বলেন, তারুণ্য উৎসবে তরুণদের ভেতরে যে উচ্ছ্বাস দেখা গেছে, তা ক্যাম্পাসে ক্যাম্পাসে ছড়িয়ে পড়ুক। আমরা তরুণদের হাতে অস্ত্র নয়, গিটার চাই। তাঁদের কণ্ঠে গান চাই।
বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের বিচারক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুকান্ত ভট্টাচার্য, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় বিশ্বাস, সাংবাদিক আশরাফ উল্লাহ, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিনহাজ হোসেন ও সাবেক বিতার্কিক জুয়েল চৌধুরী।
সাংস্কৃতিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের বিচারক ছিলেন ব্যান্ড সংগীত দল সোলসের প্রতিষ্ঠাতা সদস্য সুব্রত বড়ুয়া রনি, নাট্যজন শুভ্রা বিশ্বাস ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক কুন্তল বড়ুয়া।