তারুণ্য উৎসবের সমাপনী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনব্যাপী কনফিডেন্স সিমেন্ট-প্রথম আলো তারুণ্য উৎসবের সমাপনী অনুষ্ঠান আজ শুক্রবার। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে আজ বিকেলে অনুষ্ঠিত হবে আন্তস্কুল, আন্তকলেজ বিতর্ক ও আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাংসদ ওয়াসিকা আয়েশা খান এবং বিশেষ অতিথি হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) উপাচার্য প্রভাত চন্দ্র বড়ুয়ার উপস্থিত থাকার কথা।
তারুণ্য উৎসবের দ্বিতীয় দিনে গতকাল বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে আন্তস্কুল আইডিয়া জেনারেশন প্রতিযোগিতা। নগরের ১২টি বিদ্যালয় এতে অংশ নেয়। প্রথমবারের মতো অনুষ্ঠিত এই প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল ‘আধুনিক চট্টগ্রামের রূপরেখা ও বাস্তবায়ন’। প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন কনফিডেন্স সিমেন্টের নির্বাহী পরিচালক জহির উদ্দিন আহমেদ, বিএসআরএমের ক্রয় বিভাগের প্রধান আলী মাহবুব হোসাইন, চিটাগাং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রধান মাহমুদ হাসান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সুবর্ণা বিশ্বাস এবং বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জয়শ্রী দাশ। আইডিয়া জেনারেশন প্রতিযোগিতার বিজয়ীদের নাম আজ ঘোষণা করা হবে।
গতকাল বিকেলে নয়টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিচারক ছিলেন ব্যান্ড দল সোলসের প্রতিষ্ঠাতা সদস্য সুব্রত বড়ুয়া, রবীন্দ্র সংগীতশিল্পী শ্রেয়সী রায়, আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী, রাশেদ হাসান ও নাট্যব্যক্তিত্ব আকবর রেজা। পাঁচটি বিশ্ববিদ্যালয় চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছে।