বিতর্ক প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম আলো-ডিএস তারুণ্য উৎসবের দ্বিতীয় দিন পার হয়েছে। উৎসব উপলক্ষে গতকাল ক্যাম্পাস ছিল তারুণ্যের উচ্ছ্বাসে পরিপূর্ণ।২৪টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় পর্বের মাধ্যমে গতকাল সকালে উৎসবের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকার ইকোলো ডে সিনেমার পরিচালক ও প্রখ্যাত আলোকচিত্র প্রশিক্ষক মুজিবর রহমান খান। বিকেলে আয়োজিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় ২৫টি বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীদের ৩৬টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। এরপর ইমরাউল রাফাত পরিচালিত নাটক মেড ইন চিটাগাং ৪-লাভ ইন চিটাগাং নাটকের প্রিমিয়ার শো দেখানো হয়। প্রদর্শিত হয় সাইফুল ওয়াদুদ নির্মিত মুক্তিযুদ্ধবিষয়ক প্রামাণ্যচিত্র অপরাজেয় বাংলা। সর্বশেষে বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সজল চৌধুরীর রচনায় নাটক আদর্শলিপি প্রদর্শনের মাধ্যমে শেষ হয় দ্বিতীয় দিনের কার্যক্রম। উৎসব উপলক্ষে গতকাল শত শত তরুণের পদচারণে ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে।আজ শনিবার প্রযুক্তি উৎসব, প্রয়াত বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী ও বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম স্মরণে শোকসভা, পরিবেশবিষয়ক গোলটেবিল বৈঠক এবং আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসবের মাধ্যমে তিন দিনের এ উৎসব শেষ হবে।‘দেয়াল তুললেই ঘর, ভেঙে ফেললেই পৃথিবী’ স্লোগান সামনে রেখে উৎসবের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি। পৃষ্ঠপোষকতায় রয়েছে প্রথম আলো।