তারুণ্যের উচ্ছ্বাসে প্রথম আলো-ডিএস উৎসব সমাপ্ত
প্রকল্প প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক উৎসবের মধ্য দিয়ে গতকাল শনিবার শেষ হয়েছে তিন দিনব্যাপী প্রথম আলো-ডিএস তারুণ্য উৎসব। অনুষ্ঠানের শুরুর দিন থেকে গতকাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছিল তারুণ্যের পদচারণে মুখর। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিল প্রথম আলো। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ছয়টি বিশ্ববিদ্যালয়ের ১৮টি প্রকল্প প্রদর্শনের মাধ্যমে দিনের শুরু হয়। উদ্বোধন করেন চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সহযোগী অধ্যাপক সজল চন্দ্র বণিক। প্রতিযোগিতায় প্রতিবন্ধীদের সহায়ক সাংকেতিক ভাষার ওপর প্রকল্প প্রদর্শন করে প্রথম হয় চুয়েটের দল ‘সুবচন’। এরপর পশ্চিম গ্যালারিতে প্রয়াত বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী ও বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম স্মরণে সভা হয়। সভায় প্রধান অতিথি পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফারুক-উজ-জামান চৌধুরী ও অধ্যাপক আবদুর রশিদ প্রয়াত দুই গুণীর ব্যক্তিজীবন এবং সমাজে তাঁদের প্রয়োজনীয়তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।বিকেলে চুয়েটের সম্মেলন কক্ষে বেসরকারি সংস্থা গ্রিন ফোর্সের সহযোগিতায় ‘প্রজন্মের পরিবেশ ভাবনা’বিষয়ক গোলটেবিল বৈঠক হয়। এ বৈঠকের পাশাপাশি মুক্তমঞ্চে আয়োজিত আন্তবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় প্রথম হয় চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। সন্ধ্যায় আন্তবিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় প্রথম হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দল। রাত আটটা থেকে শুরু হয় আটটি বিশ্ববিদ্যালয়ের ১১টি দলের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।