তারুণ্যের উচ্ছ্বাসে মাতল জয় বাংলা কনসার্ট
তারুণ্যের বাঁধভাঙা উচ্ছ্বাস আর উন্মাদনার মধ্য দিয়ে শেষ হলো ঐতিহাসিক ৭ মার্চ স্মরণে আয়োজিত জয় বাংলা কনসার্ট।
বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের ইতিহাসে গুরুত্বপূর্ণ এই দিনে গতকাল মঙ্গলবার ঢাকার আর্মি স্টেডিয়ামে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) নেটওয়ার্ক ‘ইয়ং বাংলা’ তৃতীয়বারের মতো এই কনসার্টের আয়োজন করে। কনসার্টে অংশ নেয় দেশের এ সময়ের জনপ্রিয় নয়টি গানের দল—ওয়ারফেজ, শিরোনামহীন, চিরকুট, লালন, ক্রিপটিক ফেইট, নেমেসিস, আর্বোভাইরাস, শূন্য ও স্পন্দন ১৯৭২। ব্যান্ডগুলো কনসার্টে নিজেদের জনপ্রিয় গানের পাশাপাশি ’৭১-এ স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের আগুনঝরা গানগুলো পরিবেশন করে।
কনসার্ট শুরুর নির্ধারিত সময় ছিল বেলা তিনটা। তবে দুপুরের পর থেকেই শুরু হয় স্টেডিয়ামমুখী তরুণ-তরুণীদের মিছিল। এ সময় কনসার্টস্থলে ঢোকার জন্য শ্রোতা-দর্শকদের আলাদা দুটি সারি স্টেডিয়াম ফটক থেকে নৌবাহিনী সদর দপ্তরের মূল ফটক পর্যন্ত পৌঁছায়। বিকেল সাড়ে চারটার পর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল আয়োজন।
প্রথমেই মঞ্চে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের ‘জয় বাংলা বাংলার জয়’ গান নিয়ে আসে ব্যান্ড দল স্পন্দন ১৯৭২। স্পন্দনের কয়েকটি গানের পর তরুণদের উচ্ছ্বাসে মাতায় ক্রিপটিক ফেইটের গানগুলো। এরপরই মঞ্চে আসে ব্যান্ড দল আর্বোভাইরাস ও শূন্য। গান পরিবেশনার ফাঁকে ফাঁকে ছিল তথ্যচিত্র প্রদর্শনী। মাঠ ও মাঠের বাইরে বিভিন্ন জায়গায় শোভা পেতে দেখা যায় ৭ মার্চের ঐতিহাসিক জনসভার আলোকচিত্র ও সংবাদপত্রে প্রকাশিত খবরের কাটআউট। মঞ্চের পেছনের পর্দায় মাঝে মাঝেই ভেসে ওঠে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের কথাগুলো। উৎসবমুখর পরিবেশে কনসার্টস্থলে তরুণদের পাশাপাশি বিভিন্ন বয়সী নারী-পুরুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
এর মধ্যে বিকেল সাড়ে পাঁচটার পর স্টেডিয়ামে হাজির হন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। গ্যালারিতে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমসহ এ সময়ের অনেক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী।
এদিকে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শ্রোতা-দর্শকের ভিড়ে গ্যালারি ও মাঠের মাঝের অংশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সন্ধ্যার পর গোটা স্টেডিয়াম এলাকা ভরে ওঠে রঙিন আলো আর আতশবাজির রোশনাইয়ে। রাত নয়টার পরও স্টেডিয়ামমুখী জনস্রোত অব্যাহত থাকে। অনেককে কনসার্টস্থলে ঢুকতে না পেরে স্টেডিয়ামের আশপাশে বসে পড়তে দেখা যায়। সেখানে বসেই তাঁরা উপভোগ করেন ওয়ারফেজ, শিরোনামহীনসহ অন্য ব্যান্ডের গানগুলো।