তারুণ্যের উচ্ছ্বাসে শতবর্ষের অনুষ্ঠান উদ্বোধন

তারুণ্যের উচ্ছ্বাসে মৌলভীবাজারের কাশীনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বছরব্যাপী অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য দেন শতবর্ষপূর্তি উদ্যাপন কমিটির আহ্বায়ক ও পৌর মেয়র মো. ফজলুর রহমান। এরপর এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কাশীনাথ ও আলাউদ্দিনের দুই উত্তরাধিকার মাহফুজ আহমদ চৌধুরী ও নিলিমেষ ঘোষ আনুষ্ঠানিকভাবে উৎসবের লোগো উন্মোচন করেন। পরে স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয় উদ্বোধনী শোভাযাত্রা। শোভাযাত্রাটি কোর্ট রোড, এম সাইফুর রহমান সড়ক (সাবেক সেন্ট্রাল রোড), শ্রীমঙ্গল সড়ক, বেরিরপাড় ও শাহ মোস্তফা সড়ক হয়ে আবার স্কুল প্রাঙ্গণে ফিরে আসে। এতে বর্তমান ও প্রাক্তন সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন। শোভাযাত্রা শেষে স্কুল প্রাঙ্গণে শুরু হয় উৎসবে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম।