তারুণ্যের উচ্ছ্বাসের অর্ধযুগ পূর্তি উৎসব
বৃন্দ আবৃত্তি, আলোচনা, ঢোলবাদনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের আবৃত্তি সংগঠন ‘তারুণ্যের উচ্ছ্বাস’ পালন করল ছয় বছর পূর্তি উৎসব। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মুক্তমঞ্চে দুই দিনব্যাপী এই আবৃত্তি উৎসবের উদ্বোধন করা হয়। উৎসব উদ্বোধন করেন ভারতের বিখ্যাত আবৃত্তিশিল্পী প্রদীপ ঘোষ।তারুণ্যের উচ্ছ্বাসের উপদেষ্টা প্রদীপ দেওয়ানজীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ, কবি হেলাল হাফিজ, কবি রবিশঙ্কর মৈত্রী এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. আহ্কাম উল্লাহ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ ঘোষ বলেন, তারুণ্যের এই উচ্ছ্বাস সঞ্জীবনীশক্তি আহরণ করার মতো। উচ্ছ্বাস তখনই সম্ভব, যদি তা হয় সত্যোৎসারিত। আবৃত্তি অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে তারুণ্যের উচ্ছ্বাস চট্টগ্রামের তরুণ প্রজন্মের মধ্যে বেঁচে থাকার প্রয়াস জুগিয়েছে।অনুষ্ঠানে স্বরচিত কবিতা ও ছড়া পাঠ করেন হেলাল হাফিজ, বিশ্বজিৎ চৌধুরী প্রমুখ। আজ শুক্রবার সকাল ১০টায় ‘বাংলাদেশ আবৃত্তি চর্চার ক্রমধারা’ শিরোনামে সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়।