তারুণ্যের উচ্ছ্বাসের বর্ষাবন্দনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারুণ্যের উচ্ছ্বাসের বর্ষাবরণ অনুষ্ঠানে আবৃত্তি করেন সংগঠনের সদস্যরা
তারুণ্যের উচ্ছ্বাসের বর্ষাবরণ অনুষ্ঠানে আবৃত্তি করেন সংগঠনের সদস্যরা

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েকবার আকাশে জমেছিল মেঘ। তবে শেষ পর্যন্ত বৃষ্টি নামল না। বরং রোদ–ঝলমলে আকাশই দেখা গেল। তবে এরপরও আকাশি-নীল রঙের শাড়িতে সেজেছিলেন তরুণীরা। ছেলেদের পোশাকেও ছিল বর্ষার নীল রঙের পাঞ্জাবি আর সাদা পায়জামা। বাংলা পঞ্জিকার পাতায় বছর ঘুরে এল পয়লা আষাঢ়। আর এই আষাঢ়ের প্রথম দিনে ১৫ জুন নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আবৃত্তি, গান ও কথামালার মধ্য দিয়ে পঞ্চমবারের মতো বর্ষাবরণ অনুষ্ঠানের আয়োজন করে বাচিক শিল্প চর্চা কেন্দ্র তারুণ্যের উচ্ছ্বাস।
বিকেল চারটায় শুরু হওয়া বর্ষাবরণের অনুষ্ঠান শেষ হয় সন্ধ্যা সাড়ে ছয়টায়। শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নববর্ষা’ কবিতার সমবেত আবৃত্তি পরিবেশন করেন তারুণ্যের উচ্ছ্বাসের শিল্পীরা। এরপর আবৃত্তিশিল্পী সুস্মিতা দত্তের সঞ্চালনায় ছিল কথামালা। বর্ষা নিয়ে বক্তব্য দেওয়ার পর অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি রাশেদ রউফ। উদ্বোধনের পর আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিত রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আজি ঝড়ের রাতে তোমার অভিসার’ কবিতাটি আবৃত্তি করে মুগ্ধ করেন দর্শককে। এরপর সংগীতশিল্পী শ্রেয়সী রায় পরিবেশন করেন বর্ষার গান। তাঁর কণ্ঠে ‘একি গভীর বাণী এল ঘন মেঘের আড়াল ধরে’ শুনে বর্ষার আবেগেই ভাসলেন দর্শকেরা।
অতিথিদের পরিবেশনার পর বর্ষার সংগীত পরিবেশন করেন বৈশাখী নাথ ও আনিকা চৌধুরী। তঁারা গাইলেন—‘ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না’ ও ‘আকাশ মেঘে ঢাকা, শাওন ধারা ঝরে’।
গানের পর কবি রামচন্দ্র পালের ‘বর্ষা রাতে’ কবিতাটি দ্বৈত কণ্ঠে আবৃত্তি করেন অর্পিতা দাশগুপ্তা ও হিরণ্ময় বড়ুয়া। আবৃত্তির পর গান নিয়ে মঞ্চে আসেন সংগীত তীর্থের শিল্পীরা। তঁারা সমবেত কণ্ঠে গাইলেন—‘বাদল–বাউল বাজায়’, ‘আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে’ এবং ‘বজ্রমানিক দিয়ে গঁাথা’ গান কটি।
এরপর একক সংগীত পরিবেশন করেন শান্তা গুহ, রুবেল চৌধুরী, আল তুষি ও সেঁজুতি দে। আচ্ছন্ন করা বর্ষার গানের পর ছিল আবৃত্তি। মুজাহিদুল ইসলাম ও শ্রাবণী দাশগুপ্তা দ্বৈত কণ্ঠে আবৃত্তি করেন জয় গোস্বামীর ‘মেঘবালিকার জন্য রূপকথা’ কবিতাটি। সর্বশেষ অভ্যুদয় সংগীত অঙ্গনের শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন ‘ছায়া ঘনাইছে বনে’, ‘নীল– অঞ্জনঘন পুঞ্জছায়ায়’ ও ‘শাঙনগগনে ঘোর ঘনঘটা’ গানগুলো।