তারুণ্যের কণ্ঠে গণিতের জয়গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই বছর পর সশরীর আয়োজিত ডাচ্‌-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উৎসবে সারা দেশের শিক্ষার্থীরা দিনভর মেতেছিল আনন্দ-উল্লাসে। উৎসবের একপর্যায়ে দুই হাত আড়াআড়ি করে মাদক, মুখস্থ ও মিথ্যাকে ‘না’ বলার অঙ্গীকার করেছে খুদে গণিতবিদেরা। গতকাল রাজধানীর আসাদগেটে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে।
ছবি: আশরাফুল আলম

আমরা হাঁটলে আমাদের সঙ্গে চাঁদও কেন হাঁটে, এ প্রশ্নের সঠিক উত্তর কী? অথবা বাংলাদেশের আয়তন কত, এ প্রশ্ন করা কেন ভুল হবে?

গতকাল শুক্রবার জাতীয় গণিত উৎসবে শিক্ষার্থীদের জন্য মজার পর্বগুলোর মধ্যে একটি ছিল ‘গণিতের প্রশ্ন, গণিতের উত্তর’। ওই দুটি প্রশ্ন যে দুই শিক্ষার্থী করেছিল, তারা উত্তর জেনে গেছে অনুষ্ঠানস্থলেই।

গণিত উৎসবের গত দুটি আয়োজন অনলাইনে হওয়ায় দেশের সেরা গণিতবিদ ও বিজ্ঞানীদের কাছে সামনাসামনি এ রকম প্রশ্ন করার সুযোগ ছিল না শিক্ষার্থীদের। এখন সংক্রমণ পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে আসায় সামনাসামনি প্রশ্ন করার সুযোগ পাওয়ার পাশাপাশি খোলা মাঠে দল বেঁধে আনন্দ-উৎসবে শামিল হতে পেরেছে শিক্ষার্থীরা। এবার মাস্ক পরে হলেও সরাসরি জাতীয় গণিত উৎসবে অংশ নিতে পেরে উল্লসিত ছিল খুদে গণিতবিদেরা।

গতকাল শুক্রবার রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে হয়ে গেল ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উৎসব ২০২২’। পরীক্ষা ছাড়াও খুদে গণিতবিদদের জন্য ছিল প্রশ্নোত্তর পর্ব, বিজ্ঞানভিত্তিক নানা প্রতিযোগিতা। এর বাইরে নাচ–গানেও আনন্দময় সময় কাটিয়েছে তারা।

‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগান সামনে রেখে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতা ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এ উৎসবের আয়োজন করে।

যেভাবে অনুষ্ঠান শুরু

আটটি বিভাগ থেকে আসা শিক্ষার্থীদের নিবন্ধন ও উৎসবসামগ্রী দেওয়া শুরু হয় গতকাল সকাল সাড়ে সাতটা থেকে। এবার ৪১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী অলিম্পিয়াডের জন্য নিবন্ধন করে। সেখান থেকে তিনটি ধাপ পার হয়ে ৯০৯ জন জাতীয় গণিত উৎসবের জন্য নির্বাচিত হয়। এদের মধ্যে ৮৬৭ জন গতকালের অনুষ্ঠানে উপস্থিত ছিল। অংশগ্রহণকারীদের সংখ্যা বিবেচনা করলে গত পাঁচ বছরের মধ্যে এটি সর্বোচ্চ।

সকাল পৌনে ৯টার দিকে জাতীয় সংগীতের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। এরপর বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির প্রয়াত সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, কমিটির সদস্য প্রয়াত অধ্যাপক আনোয়ার হোসেন ও সেন্ট যোসেফের প্রয়াত ব্রাদার রবি পিউরিফিকেশন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের উপাধ্যক্ষ ব্রাদার ভিক্টর বিকাশ ডি রোজারিও বলেন, গণিত হিসাব করতে সাহায্য করছে আর বিজ্ঞান নতুন কিছু তৈরি করছে। তাহলে কেন ভয় থাকবে গণিতে? তিনি বলেন, গণিত ও বিজ্ঞান কোনো ভয়ের বিষয় নয়।

২০ বছর আগে যে স্বপ্ন নিয়ে গণিত অলিম্পিয়াড শুরু হয়েছিল, তা এখন অনেকটাই সার্থক বলে মনে করেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ইলিয়াস উদ্দীন বিশ্বাস। তিনি বলেন, এ প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা এখন আন্তর্জাতিক পর্যায়েও ভালো ফলাফল করছে।

কথাসাহিত্যিক ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক বলেন, একটি মোমবাতি এক শ মোমবাতি জ্বালাতে পারে। এক শ থেকে এক লাখ, এক লাখ থেকে ১৭ কোটি আলো জ্বালানো যায়। শিক্ষার্থীরা হচ্ছ সেই আলো।

অতিথিদের বক্তব্যের পর বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী পর্ব পরিচালনা করেন গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান।

উদ্বোধনের পর শুরু হয় গণিত অলিম্পিয়াডের পরীক্ষা পর্ব। প্রাইমারি ও জুনিয়র ক্যাটাগরির পরীক্ষা দেড় ঘণ্টা এবং সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির পরীক্ষা চলে দুই ঘণ্টা। পরীক্ষা শেষে দুপুর ১২টায় শিক্ষার্থীরা আবার মূল মঞ্চের সামনে জড়ো হয়। এ সময় ‘ধনধান্য পুষ্পভরা’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন নিত্যরঙ্গের শিল্পীরা।

দুপুর সাড়ে ১২টায় শুরু হয় উন্মুক্ত রুবিকস কিউব প্রতিযোগিতার প্রথম পর্ব। কয়েক ধাপে বাছাইয়ের মাধ্যমে পাঁচ শিক্ষার্থীকে বিকেলের ফাইনালের জন্য নির্বাচন করা হয়।

মধ্যাহ্নভোজের বিরতির পর মূলমঞ্চের পর্দায় দেখানো হয় প্রথম আলোর ২৩তম বর্ষপূর্তি উপলক্ষে নির্মিত প্রামাণ্যচিত্র আয়রনম্যান। এর আগে চমক হাসানের লেখা ‘মন মেলে শোন শুনতে পাবি বিজয়ের আহ্বান’—গণিত উৎসবের এ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন ‘নিত্যরঙ্গ’র শিল্পীরা।

জাতীয় গণিত উৎসবের ইতিহাসের ওপর লেখা ‘গণিত উৎসবের পটগান’ পরিবেশন করেন খুলনা থেকে আসা রূপান্তর থিয়েটার দলের সদস্যরা। এর আগেই হয়ে যায় সুডোকু প্রতিযোগিতা। এ ছাড়া সেন্ট যোসেফ স্কুলকে দেওয়া হয় বিশেষ স্মারক।

‘গণিতের প্রশ্ন, গণিতের উত্তর’ গণিত উৎসবের সবচেয়ে জনপ্রিয় পর্বগুলোর একটি। বিকেল সাড়ে তিনটায় শুরু হয় এ পর্ব। শিক্ষার্থীরা গণিত ও বিজ্ঞান নিয়ে বিভিন্ন প্রশ্ন করে। তার জবাব দেন উপস্থিত অধ্যাপক ও গণিতবিদেরা। এ পর্ব পরিচালনা করেন গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক কাউন্সিলর মাহমুদুল হাসান।

শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহসভাপতি মুহম্মদ জাফর ইকবাল, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, সাবেক জ্যেষ্ঠ পরমাণুবিজ্ঞানী রেজাউর রহমান, নর্থ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য ইলিয়াস উদ্দীন বিশ্বাস, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য কামরুল আহসান, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য চৌধুরী মফিজুর রহমান, বুয়েটের অধ্যাপক আবদুল হাকিম খান, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম এবং বাংলাদেশ গণিত দলের কোচ মাহবুব মজুমদার।

বিশিষ্টজনদের জন্য ‘এক মিনিট’

শিক্ষার্থীদের গণিতের ভয় কেটে যাচ্ছে—এ উৎসব তার প্রমাণ বলে উল্লেখ করেন ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন। তিনি বলেন, এখানে শিক্ষার্থীরা শিক্ষকদের যেভাবে প্রশ্ন করল, তা দেখে মনে হয়েছে, গণিতভীতি কাটিয়ে ওঠা যায়।

বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহসভাপতি মুহম্মদ জাফর ইকবাল বলেন, করোনার এ দুই বছরে শিক্ষার্থীদের হাতে স্মার্টফোন দিতে হয়েছে পড়ালেখার জন্য। এ স্মার্টফোনে শিক্ষার্থীদের অনেকের আসক্তি হয়েছে। প্রয়োজন ছাড়া স্মার্টফোন ব্যবহার না করতে বলেন তিনি।

চিন্তার অনুশীলন করতে শিক্ষার্থীদের পরামর্শ দেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ। তিনি বলেন, সৃষ্টির অন্যান্য জীবের মধ্যে মানুষ শ্রেষ্ঠ। কারণ, মানুষের চিন্তা করার ক্ষমতা আছে।

প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, প্রথম আলো শুরু থেকে গণিত অলিম্পিয়াডের সঙ্গে ছিল। করোনায় সারা বিশ্বের কার্যক্রম থমকে ছিল। তবে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড ব্যতিক্রম, তারা অনলাইনসহ নানাভাবে তাদের কার্যক্রম চালিয়ে গেছে।

গণিতে বিজয়ী যারা

বিকেল পাঁচটার দিকে উৎসবের সমাপনী অনুষ্ঠানে অলিম্পিয়াডের বিজয়ী ১০০ শিক্ষার্থীর নাম ঘোষণা করা হয়। এদের মধ্যে প্রাইমারি ক্যাটাগরিতে ২৩ জন, জুনিয়র ক্যাটাগরিতে ৩২ জন, সেকেন্ডারি ক্যাটাগরিতে ৩০ ও হায়ার সেকেন্ডারিতে বিজয়ী হয়েছে ১৫ জন। এবার জাতীয় গণিত উৎসবে সেরাদের সেরা হয়েছে রাজধানীর মাতুয়াইলের সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এস এম এ নাহিয়ান।

প্রাইমারি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস হয়েছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বিহন পাল, জুনিয়র ক্যাটাগরিতে রাজউক উত্তরা মডেল কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী জুনাইদ রাফি, সেকেন্ডারি ক্যাটাগরিতে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এস এম এ নাহিয়ান এবং হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে সরকারি আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী তাহজিব হোসাইন খান। এ ছাড়া রুবিকস কিউব, সুডে্াকু ও গত তিন বছরের সেরা গণিত ক্লাবকে পুরস্কার দেওয়া হয়।

আরও যত আয়োজন

অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র দেখানো হয় অনুষ্ঠানের মূলমঞ্চে। উৎসবস্থলে অভিভাবকদের জন্য ছিল পাঠক জরিপের আয়োজন। গণিত উৎসবস্থলে ছিল প্রথমা প্রকাশন, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি, যোসেফাইট ম্যাথ ক্লাব, বন্ধুসভা, স্বপ্ন ৭১’সহ ১৪টি স্টল।

শিক্ষার্থীদের উল্লাস, অভিভাবকদের উচ্ছ্বাস

উৎসবস্থলে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের উদ্যোগে ছিল সকারবট (রোবটকার দিয়ে ফুটবল খেলা) প্রতিযোগিতা। সেখানে কথা হয় কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষার্থী সালমান ইসলামের সঙ্গে। তার কাছে সবচেয়ে বেশি মজা লেগেছে এ সকারবট।

গণিত উৎসবে অংশ নিতে গাইবান্ধা থেকে মা–বাবার সঙ্গে এসেছিল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাহমিদ মণ্ডল। যাদের গণিত খুব ভালো লাগে, তাদের দলে থাকবে তাহমিদ। এবারই প্রথম জাতীয় উৎসবে আসার সুযোগ পেয়ে খুব খুশি ছিল সে।

উৎসবের বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দী করতে মেয়ে নুসরাত জাহানকে সহায়তা করছিলেন মা মাহফুজা আকতার। মা-মেয়ে এসেছেন জামালপুর থেকে। মাহফুজা আকতার মনে করেন, এমন আয়োজন সবার জন্যই শিক্ষণীয়। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকেরাও গণিত উৎসবের অপেক্ষায় থাকে বলে জানান তিনি।

ছেলে অরিত্র দেবনাথকে নিয়ে এসেছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক রামেশ্বর দেবনাথ। তিনি প্রথম আলোকে বলেন, এ খোলা মাঠে বাচ্চাদের নিয়ে এমন চমৎকার আয়োজন নিঃসন্দেহে ভালো উদ্যোগ।