তারুণ্যের প্রকৃতি অন্বেষণ

তাঁরা ৪০ জন। বেলা ১১টায় যে যাঁর মতো ঢুকে পড়লেন বনে। বনের ভেতরে থাকা বিভিন্ন প্রজাতির গাছ ও পশুপাখির স্থানীয় ও বৈজ্ঞানিক নাম, স্বভাব-খাদ্যাভ্যাস টুকে নিলেন খাতায়। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মধ্যে দুই ঘণ্টার অভিযান। বনের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হলেন তাঁরা। এরপর প্রকৃতিকে রক্ষা করার শপথ নিলেন হাতে হাত ধরে।
১৬ সেপ্টেম্বর ‘তারুণ্যের প্রকৃতি অন্বেষণ’ স্লোগানে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী বন্য প্রাণী অভয়ারণ্যে চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ও চকরিয়া কমার্স কলেজের ৪০ জন শিক্ষার্থী বন রক্ষার শপথ নেন। এর আগের দিন ১৫ সেপ্টেম্বর ডুলাহাজারা কলেজ ও খুটাখালী তমিজিয়া ফাজিল মাদ্রাসার ৪০ জন শিক্ষার্থী একইভাবে মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানে প্রকৃতি অন্বেষণের পর বন রক্ষার শপথ নিয়েছেন। এই কর্মসূচির আয়োজন করে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ক্লাইমেট রিজিলিয়েন্ট ইকোসিস্টেমস আ লাইভলিহুড প্রজেক্ট (ক্রেল)।
১৫ সেপ্টেম্বর এই কর্মসূচির উদ্বোধন করেন কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) শাহ-ই আলম। শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহম্মদ হোসেন ভূঁইয়া, সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমদ, ডুলাহাজারা কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী, শিক্ষক সিন্টু কুমার চৌধুরী, চকরিয়া কলেজের শিক্ষক সবুজ ধর, চকরিয়া কমার্স কলেজের শিক্ষক নাসরিন সোলতানা, ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা এ বি এম জসিম উদ্দিন, রিংভং বন বিট কর্মকর্তা শাহ আলম, নেকম প্রকল্পের সমন্বয়ক আবদুল মান্নান, ক্রেল প্রকল্পের কক্সবাজারের যোগাযোগ কর্মকর্তা বিশ্বজিৎ সেন, ক্রেলের চকরিয়া উপজেলা সমন্বয়কারী আবদুল কাইয়ুম।
১৬ সেপ্টেম্বর প্রকৃতি অন্বেষণের পর অনুভূতি প্রকাশ করেন শিক্ষার্থীরা। চকরিয়া কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সৈয়দ দিদারুল কবির বলেন, ‘প্রকৃতি আমার মা। আমার মাকে রক্ষার দায়িত্ব আমাদের। নিজের আঙিনায় দুটি করে গাছ লাগিয়ে মাকে রক্ষার দায়িত্বটা শুরু করব।’ আরেক শিক্ষার্থী রেশমি আকতার বলেন, ‘নিজেরাই প্রকৃতিকে ধ্বংস করছি। অথচ এ প্রকৃতি আমাদের বাঁচিয়ে রাখছে। এখন থেকে প্রকৃতি রক্ষায় সচেষ্ট থাকব।’
চকরিয়া কমার্স কলেজের শিক্ষার্থী তহুরা জন্নাত বলেন, ‘প্রকৃতি অন্বেষণের পর ভেতরের মনুষ্যত্ব জেগে উঠেছে। এখন থেকে বনের গাছপালা ধ্বংসে জড়িত ব্যক্তিদের সচেতন করতে কাজ করব।’ তারুণ্যের প্রকৃতি অন্বেষণ কর্মসূচিতে অংশ নেওয়া প্রত্যেক শিক্ষার্থী সরেজমিনে দেখা বন্য প্রাণী, বনাঞ্চল ও প্রকৃতির চিত্র অঙ্কন করে ক্রেল প্রকল্প কার্যালয়ে জমা দেবেন। পরে নির্বাচিত শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে।