তারুণ্যের বাহন সাইকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার বংশাল এলাকার কাজী আলাউদ্দিন রোডের একটি সাইকেলের দোকান l ছবি: প্রথম আলো
পুরান ঢাকার বংশাল এলাকার কাজী আলাউদ্দিন রোডের একটি সাইকেলের দোকান l ছবি: প্রথম আলো

সাকিব আর ইমরান দুই বন্ধু। এ বছর উচ্চমাধ্যমিক শেষ করে এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। দুজনই জিগাতলা এলাকার বাসিন্দা। কিন্তু পছন্দের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বসুন্ধরায়। প্রতিদিন যাওয়া-আসা করবেন কীভাবে—এই চিন্তায় যখন সাকিব দিশেহারা, তখন ইমরান সমাধান দিলেন, ‘চল, সাইকেল কিনি।’
সাকিব আর ইমরানের সঙ্গে গতকাল কথা হয় বংশালে। দোকানে দোকানে ঘুরে সাইকেল দেখে বেড়াচ্ছিলেন দুই বন্ধু। সাকিব বললেন, ‘ঢাকার ট্রাফিকের যে কন্ডিশন, তাতে সময়মতো কোথাও পৌঁছতে সাইকেলের জুড়ি নাই।’
এই দুই তরুণের মতো রাজধানীর অনেকেই এখন সময় বাঁচাতে বাহন হিসেবে বেছে নিচ্ছেন সাইকেল চালানো। দেশি-বিদেশি ব্র্যান্ডের নানা ধরনের সাইকেল নিয়ে ঢাকায় সাইকেলের সবচেয়ে বড় বাজারটি গড়ে উঠেছে বংশালে। পুরান ঢাকার নাজিরা বাজার চৌরাস্তা পার হয়ে সোজা বংশাল রোড পর্যন্ত নতুন-পুরোনো সাইকেলের শোরুম-ওয়ার্কশপ মিলিয়ে দোকানের সংখ্যা দুই শর বেশি। আছে সাইকেলের হেলমেট, বাতি, গ্লাভস—এসব অনুষঙ্গেরও দোকান।
বংশালের আবদুল্লাহ সাইকেল স্টোরের ব্যবস্থাপক মো. সানি বললেন, তাঁদের প্রধান ক্রেতা তরুণেরা। তাঁর কথায়, ‘টিনএজ ছেলেমেয়েরা বেশি আসে। তাদেরই সাইকেলে আগ্রহ বেশি।’ তিনি বলেন, বংশালে মধ্যবিত্ত ক্রেতাদের আনাগোনা বেশি। সাধারণ রোডবাইক কিনতে এখানে মানুষ বেশি আসেন। আবদুল্লাহ সাইকেল স্টোরে বিদেশি ব্র্যান্ড ফিনিক্স আর দেশি ব্র্যান্ড ভেলোসের সাইকেল রয়েছে। এ দোকানের সাইকেলগুলোর দাম ১০ হাজার থেকে শুরু করে ৩০ হাজার টাকা পর্যন্ত।
মজিব’স হিরো সাইকেলের স্বত্বাধিকারী নাজিবুর রহমানও বললেন, তাঁদের ক্রেতাদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। ২৪ বছর ধরে প্রতিষ্ঠানটি সাইকেল ব্যবসার সঙ্গে জড়িত। মূলত ভারতীয় হিরো ব্র্যান্ডের সাইকেল বিক্রি করেন তাঁরা। নাজিবুর বললেন, ‘আমাদের টার্গেট মার্কেট আম-আদমি। দোকানদার, ফ্যাক্টরি শ্রমিক, গার্মেন্টস ওয়ার্কারদের টার্গেট করে আমরা প্রোডাক্ট আনি।’ এখানে ছয় থেকে সাত হাজার টাকায় হিরো সাইকেল পাওয়া যাবে। এ ছাড়া অন্য ব্র্যান্ডের সাইকেলও রয়েছে।
ঢাকায় দেশি সাইকেলের সবচেয়ে বড় প্রতিষ্ঠান হলো ‘সাইকেল লাইফ এক্সক্লুসিভ’। মেঘনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠানটি ২০১৪ সালে প্রথম বাংলাদেশি সাইকেল ব্র্যান্ড ভেলোস বাজারে আনে। অল্প সময়েই এই দেশি সাইকেল ব্র্যান্ডটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। বংশালসহ বিভিন্ন এলাকায় তাদের পরিবেশক রয়েছে। নিজস্ব শোরুম আছে ঢাকার তেজগাঁও লিংক রোড এলাকায় আর সিলেটে। তেঁজগাও শোরুমের সেলস পারসন মো. মইন উদ্দিন বলেন, তাঁদের নিজস্ব ব্র্যান্ডগুলো হচ্ছে ‘ভেলোস’ আর ‘সেভেন্টি ওয়ান’। মডেলভেদে ভেলোস সাইকেলের দাম ১২ হাজার ৫০০ থেকে ৭৮ হাজার টাকা, সেভেন্টি ওয়ান ৫ হাজার ৫০০ থেকে ১৮ হাজার ৫০০ টাকা। এ ছাড়া বিদেশি ব্র্যান্ড ’সারাসেন’-এর সাইকেলও তাঁরা বিক্রি করেন। দাম ২০ হাজার থেকে ২ লাখ ৭০ হাজার টাকা। এ ছাড়া দুজন চালকের সাইকেল ‘টেনডেম’ও পাওয়া যাবে সাইকেল লাইফ এক্সক্লুসিভে, দাম ৩৫ হাজার টাকা।
ঢাকায় বিদেশি সাইকেলের প্রধান বিক্রেতা হচ্ছে লায়ন সাইকেল স্টোর। বংশাল আর ধানমন্ডিতে তাদের শোরুম আছে। লায়নের বংশাল শাখায় ফিনিক্স, কোর, আপল্যান্ড এসব ব্র্যান্ডের সাইকেল পাওয়া যায়। এগুলোর দাম ১৫ থেকে ২০ হাজারের মধ্যে। আর ট্রেক, ফরম্যাট—এসব দামি ব্র্যান্ডের সাইকেল আছে তাদের ধানমন্ডি শাখায়। ট্রেক সাইকেলের দাম মোটামুটি ৩০ হাজার টাকা থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত হয়।
দরদাম তো জানা হলো। ঢাকার রাস্তায় চলাচলের জন্য কোন ধরনের সাইকেল বেশি উপযোগী, তা জানতে চাইলে বিডি সাইক্লিস্টসের মডারেটর ফুয়াদ আহসান চৌধুরী প্রথম আলোকে বলেন, ফাংশনাল ব্রেক, মজবুত ফ্রেমের যেকোনো সাধারণ সাইকেলই ঢাকার রাস্তার জন্য উপযোগী। তবে নিজের উচ্চতা অনুযায়ী সাইকেল নির্বাচন করতে হবে। ঢাকার সাইকেলচালকদের জন্য পথে সতর্ক থাকা বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করেন ফুয়াদ। তিনি বলেন, সব সময় রাস্তার বাঁ লেন ধরে সাইকেল চালাতে হবে। আর সাইকেল কেনার সময়ই সঙ্গে হেলমেট কিনে নিতে হবে। ফুয়াদের কথায়, হেলমেট ৯০ ভাগ সময়ে জীবন বাঁচাতে সাহায্য করে। এ ছাড়া নতুন সাইকেলচালকদের আগে মাঠে-এলাকার রাস্তায় ভালোভাবে চালানো শিখে তারপর মূল সড়কে নামার পরামর্শ দেন তিনি।