তারুণ্যের মুখরতায় দিনভর আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গতকাল সকালে ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতার বুটক্যাম্প উদ্বোধনের পর অতিথিদের একাংশ। (বাঁ থেকে) আইসিটি সচিব শ্যামসুন্দর সিকদার, গ্রামীণফোনের পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ, সাবেক মুখ্য সচিব আবদুল করিম, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, ইএটিএলের এম এ মুবিন খান ও নিজাম উদ্দিন আহমেদ l ছবি: প্রথম আলো
ঢাকার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গতকাল সকালে ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতার বুটক্যাম্প উদ্বোধনের পর অতিথিদের একাংশ। (বাঁ থেকে) আইসিটি সচিব শ্যামসুন্দর সিকদার, গ্রামীণফোনের পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ, সাবেক মুখ্য সচিব আবদুল করিম, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, ইএটিএলের এম এ মুবিন খান ও নিজাম উদ্দিন আহমেদ l ছবি: প্রথম আলো

শীতের সকালে কুয়াশার চাদরে ঢাকার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ধীরে ধীরে যেন উষ্ণতা পেতে শুরু করে তরুণদের পদচারণে। প্রথমে নিবন্ধন, তারপর এক কাপ গরম চা—শীতের ভাবটাই কেটে যায়। সারা দেশের শতাধিক বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় হাজার শিক্ষার্থী নিয়ে গতকাল শনিবার দিনব্যাপী এ আয়োজন ছিল ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৫ ঘিরে।
এবারের এই মোবাইল ফোনের অ্যাপ্লিকেশন (অ্যাপ) তৈরির প্রতিযোগিতায় জমা পড়া ধারণাপত্রের মধ্যে ৫০০টি বাছাই করা হয় প্রাথমিকভাবে। সেই ৫০০ দলের প্রতিযোগীরা ছিলেন ‘বুটক্যাম্প’ নামের এ আয়োজনে। বুটক্যাম্প শুরু হয় সুরের ধারার শিল্পীদের পরিবেশনায় জাতীয় সংগীতের মাধ্যমে। এরপর আরও দুটি দেশের গান গেয়ে শোনান তাঁরা।
আয়োজনের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা বিশ্বমানের মেধাবী। তরুণ প্রজন্মের এ অগ্রযাত্রায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আমরা সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে পারব।’
অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘দেশের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে অ্যাপস। আর অ্যাপস তৈরির এ ধরনের কার্যক্রম সত্যিকার অর্থেই দেশের জন্য অনেক উপকারী।’
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘আমরা বর্তমানে নতুন এক যুগে আছি, যেখানে তথ্যপ্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এ ধরনের কাজে প্রথম আলো যুক্ত থেকে দেশকে এগিয়ে নেওয়ার কাজে অংশ নিতে চায়। তাই আমরা এ আয়োজনের সঙ্গে আছি।’
স্বাগত বক্তব্যে ইএটিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান বলেন, ‘গত দুই বছরে এ আয়োজনের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি অ্যাপসের অনেক ভালো ধারণা আসে, কিন্তু সেগুলো সেভাবে এগোতে পারে না। তাই আমাদের এ বুটক্যাম্পের উদ্যোগ।’ অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সচিব শ্যামসুন্দর সিকদার, ইএটিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহামেদসহ অনেকে বক্তব্য দেন।
দুপুরে অনুষ্ঠানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল তরুণদের উদ্দেশে বক্তৃতা করেন। তিনি বলেন, ‘আমাদের তরুণেরাই যুদ্ধ করে দেশকে স্বাধীন করে এনেছে। তরুণেরা নিজের যে কাজটি ভালো, সেটি করলেই দেশ এগিয়ে যাবে।’
প্রথম আলোর সহযোগী সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, ‘যেকোনো উদ্যোগ নিলে সেটি করে ফেলাটা সবচেয়ে জরুরি এবং ভালো কাজ। তাই যে উদ্যোগ নেবে সেটি করব বলে ফেলে না রেখে করে ফেলতে হবে।’
বুটক্যাম্পে সফলভাবে মোবাইল অ্যাপ তৈরির কৌশল নিয়ে আলোচনা করেন ইউজার হাবের ওয়াহিদ সালাম, আমাজন ডট কমের কামরুল হাসান। বিকেলে সমাপনী অধিবেশনে বক্তব্য দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ ও আইসিটি বিভাগের যুগ্ম সচিব শ্যামাপ্রসাদ বেপারি। পুরো দিনের আয়োজন সঞ্চালনা করেন সায়েম ও নাবিলা।
এই বুটক্যাম্প থেকে ৩৫০টি ধারণাপত্র নির্বাচিত হবে। এরপর শুরু হবে বিচারকমণ্ডলীর সামনে উপস্থাপন পর্ব। এভাবে নানা ধাপ পেরিয়ে নির্বাচন করা হবে শীর্ষ দশ অ্যাপস। এ প্রতিযোগিতায় শীর্ষ তিন অ্যাপের জন্য পুরস্কার দশ, পাঁচ ও দুই লাখ টাকা।
প্রতিযোগিতার কৌশলগত অংশীদার আইসিটি বিভাগ। এক্সক্লুসিভ টেলিকম পার্টনার গ্রামীণফোন। প্লাটিনাম পৃষ্ঠপোষক রূপালী ব্যাংক লিমিটেড, গণমাধ্যম অংশীদার চ্যানেল আই ও রেডিও অংশীদার এবিসি রেডিও।