তারুণ্যের শক্তি কাজে লাগানোর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণ প্রজন্মকে রোমাঞ্চকর কর্মকাণ্ডের প্রতি আকৃষ্ট করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘অ্যাডভেঞ্চার উৎসব’। গতকাল সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের এ উৎসবের উদ্বোধন করেন।বাংলাদেশের এভারেস্ট বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশ (এনএসিবি) ‘শাহ সিমেন্ট অ্যাডভেঞ্চার ফেস্ট’ নামের এ উৎসবের আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয়ের জন্য মুসা ইব্রাহীম ও দ্বিতীয় বাংলাদেশি এভারেস্ট বিজয়ী এম এ মুহিতকে অভিনন্দন জানান। পাশাপাশি দেশকে সামনে এগিয়ে নিতে তরুণদের উজ্জীবিত হওয়ার আহ্বান জানানো হয়।বৃষ্টি উপেক্ষা করে মেলাকে ঘিরে দিনভর শিক্ষার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। উদ্বোধনী বক্তব্যে জি এম কাদের বলেন, বন্যা আর দারিদ্র্যপীড়িত দেশ হিসেবে বিশ্বে বাংলাদেশের পরিচয়। কিন্তু এ দেশের মানুষও যে কর্মঠ, তার উদাহরণ মুসা ইব্রাহীম। তাঁকে নিয়ে ডাকটিকিট প্রকাশের প্রস্তাব রেখে মন্ত্রী আশা প্রকাশ করেন, মুসা ইব্রাহীমকে বিশ্বের সামনে তুলে ধরলে তা পর্যটনশিল্পের জন্য সহায়ক হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে। মুসা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।’ ইউরোপীয় ইউনিয়ন ও সৌদি রাজতন্ত্রের শুভেচ্ছা দূত স্যার ফ্রাংক পিটার্স বলেন, বাংলাদেশ বীরের দেশ। মুসা ইব্রাহীম তাঁদের একজন। এনএসিবির সভাপতি আনিসুল হক বলেন, মুসা ইব্রাহীম প্রাকৃতিক ও অর্থনৈতিক—সব বাধা অতিক্রম করে এভারেস্ট জয় করেছেন। আজকের সম্ভাবনাময় তরুণেরাও সব বাধা অতিক্রম করে বাংলাদেশকে বিশ্বের বুকে তুলে ধরবে বলে আশা প্রকাশ করেন তিনি। মুসা ইব্রাহীম বলেন, তরুণ প্রজন্মকে রোমাঞ্চকর কর্মকাণ্ডের প্রতি আকৃষ্ট করার জন্যই এ উৎসবের আয়োজন করা হয়েছে। অন্যান্যের মধ্যে মুসা ইব্রাহীমের বাবা মো. আনছার আলী, টিএসসির পরিচালক আলমগীর হোসেন, শাহ সিমেন্টের ডেপুটি ম্যানেজার ইব্রাহীম খলিল, এনএসিবির সহসভাপতি পল্লব মোহাইমেন প্রমুখ বক্তব্য দেন।আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, টিএসসিতে এই মেলা চলবে ২৭ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মেলা খোলা থাকবে। মেলা চলাকালীন পর্বতারোহণের কলাকৌশল শেখাবেন সোম বাহাদুর তামাং ও লাল বাহাদুর জিরেল। মেলায় প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের চূড়ান্ত পর্বে সুন্দরবনকে ভোট দেওয়ার ব্যবস্থাও রয়েছে। ২৭ মে টিএসসিতে সাইকেল শোভাযাত্রা ও চারুকলা অনুষদে শিশুদের জন্য অ্যাডভেঞ্চার গেম শো, ২৮ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এভারেস্ট রান মিনি ম্যারাথন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ট্রায়াথলন, ২৯ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে জুমার ক্লাইম্বিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।