শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তারুণ্যের শক্তি দেশে বিরাট পরিবর্তন আনতে পারে। এ জন্য প্রযুক্তি-সহায়তা দিয়ে তরুণদের সৃজনশীলতাকে উচ্চমানে নিয়ে আসা দরকার। এতে তারা যেকোনো দেশের সঙ্গে পাল্লা দিতে পারবে। নিজেদের বিশ্বমানের ব্যক্তিত্বে পরিণত করতে পারবে।গতকাল শনিবার সকালে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ১৭৫ বছর পূর্তি উৎসবের দ্বিতীয় দিনে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ড. ইউনূস এসব কথা বলেন। তিনি প্রধান অতিথি হিসেবে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম কলেজিয়েট স্কুল কার্যকরী পরিষদের সহসভাপতি এম এ মালেক। স্বাগত ভাষণ দেন ১৭৫ বছর পূর্তি উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন উদ্যাপন কমিটির সদস্যসচিব মোশতাক হোসাইন।ড. ইউনূস বলেন, ‘আমাদের শিক্ষাব্যবস্থাকে নতুন প্রযুক্তির ধাঁচে গড়ে নিতে হবে, যাতে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বিদেশি সুযোগ-সুবিধার কোনো ঘাটতি না থাকে। গতকাল বর্ষপূর্তি উৎসবের দ্বিতীয় দিনের আয়োজনে ছিল নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের সংবর্ধনা, প্রবীণ সদস্যদের সংবর্ধনা, স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দ্বিতীয় পর্বে সংবর্ধনার জবাবে মুহাম্মদ ইউনূস তাঁর নতুন কর্মসূচি সামাজিক ব্যবসা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেন। মুনাফাভিত্তিক ব্যবসায়ের সংকীর্ণ দৃষ্টিভঙ্গির বাইরে এসে অন্যের উপকারে ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করে যে আনন্দ ও তৃপ্তি পাওয়া যায়, তিনি তার গুরুত্ব তুলে ধরেন।‘ভরা থাক স্মৃতি সুধায়’—এই স্লোগানে তিন দিনব্যাপী উৎসব শুরু হয় গত শুক্রবার। আজ রোববার সমাপনী দিনের আয়োজনে থাকবে স্মৃতিচারণা, রক্তদান, র্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান শুরু হবে সকাল ১০টায়।