
দুই হাত ভর্তি বই তাদের। শরিফুল ইসলাম ও ফরহাদ হোসাইন। এসেছেন কুমিল্লার চান্দিনা উপজেলার গ্রাম থেকে। সাত বন্ধু মিলে গ্রামে একটি পাঠাগার গড়ে তুলেছেন। গ্রামের বাসিন্দাদের কাছ থেকে চাঁদা তুলে অমর একুশে গ্রন্থমেলায় এসেছেন বই কিনতে। পাঁচ হাজার টাকার বইও কিনেছেন।
রংপুর থেকে এসেছেন মনিরুল। মেলা প্রাঙ্গণে একাই ঘুরছিলেন। জানালেন, প্রতিবছর ফেব্রুয়ারি মাসে ঢাকায় আসেন শুধুই অমর একুশে গ্রন্থমেলার জন্য। এভাবে তরুণদের বই কেনা, বই দেখা ও আড্ডায় ঘোর লেগে গেছে বইমেলার প্রাঙ্গণজুড়ে।
বইমেলায় ভিড় বাড়ছে। আর এই ভিড়ের আসরে তরুণদের সংখ্যাটাই বেশি। মেলা শুরু হয় বেলা তিনটা থেকে। শুরুর দিকটায় রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পোশাকে আসা শিক্ষার্থীদের দেখা যায়—মেলায় ঘুরছে, বই নেড়ে দেখছে, প্রিয় লেখকের অটোগ্রাফ নিচ্ছে। এরই মধ্যে চলছে ছবি তোলার হিড়িক। মোবাইল ক্যামেরা ও ব্যক্তিগত ক্যামেরায় ছবি তোলার হিড়িক এখন মেলার নিত্যদিনের চিত্র।
ছবি তোলা কিংবা ঘোরাঘুরি নিয়মিত চললেও কেনার অভ্যাসটাও কম নয়। প্রকাশকেরা জানালেন, মেলার ক্রেতাদের মধ্যে বরাবরই তরুণদের সংখ্যা বেশি। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন অন্যতম গুরুত্বপূর্ণ আলোচিত বিষয় অমর একুশে গ্রন্থমেলা। মেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী তরুণদের প্রসঙ্গে বললেন, তরুণেরাই তো একুশে এনেছে। তরুণেরাই তো এগিয়ে থাকবে। অন্যপ্রকাশ-এর প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম বলেন, ‘তরুণেরাই আমাদের মূল ক্রেতা।’
মেলার প্রতিদিনের সময় বাড়ানোর দাবি
প্রতিবছর মেলা রাত নয়টা পর্যন্ত চলত। মেলায় নিয়মিত আসা পাঠক এবং প্রকাশক তথা বিক্রয়কর্মীদের এটা অনেকটা অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু এবারই কর্তৃপক্ষ মেলার সময়কাল রাত সাড়ে আটটা পর্যন্ত নির্ধারণ করেছে। প্রকাশকেরা বলছেন, মেলা অন্তত রাত নয়টা পর্যন্ত করা উচিত। কেননা, মূলত সন্ধ্যার পরই মেলা জমে ওঠে। ঔপন্যাসিক আনিসুল হক বললেন, ‘প্রতিদিন প্রথমা প্রকাশনের স্টলে আমরা থাকি। রাত সাড়ে আটটা বাজতে না বাজতেই হঠাৎ করেই আলো নিভিয়ে দেওয়া হয়। এতে রীতিমতো আতঙ্ক শুরু হয়ে যায় মাঠে। পাঠকদের স্বার্থে মেলার দৈনন্দিন সময় কিছুটা বাড়ানো উচিত।’ বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক মিলনকান্তি নাথ বলেন, ‘আমরা একাধিকবার এই আবেদন জানিয়েছি। লেখক, পাঠক কেউই নতুন সময়ের এই শিডিউল মানতে রাজি না। অবশ্যই সময় বাড়ানো উচিত।’ যোগাযোগ করা হলে বাংলা একাডেমির পরিচালক ও মেলার সদস্যসচিব শাহিদা খাতুন বলেন, ‘আমরা চাইলেও এই বিষয়টির ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিতে পারব না। কেননা, এটা আন্তমন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয়। ’
অব্যবস্থাপনা নিয়ে প্রকাশকদের প্রতিবাদ
গ্রন্থমেলা আয়োজনের অব্যবস্থাপনা দূর করতে বাংলা একাডেমি কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে প্রকাশকদের সংগঠন জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। গতকাল সমিতির সভাপতি ওসমান গনি স্বাক্ষরিত এ চিঠিতে এক প্রতিষ্ঠানের বই আরেক স্টলে বিক্রি, টিএসসি থেকে বইমেলায় আসার রাস্তায় স্টল বানিয়ে ক্যাসেট সিডি ও বই বিক্রি, সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলায় প্রবেশের মুখে স্যাটেলাইট চ্যানেলগুলোর ক্যামেরা নিয়ে দৌরাত্ম্য, লটারি ছাড়া মাওলা ব্রাদার্সের স্টল দেওয়ার কারণ ব্যাখ্যা ও তা সংশোধনের দাবি জানিয়েছে তারা।
এ প্রসঙ্গে সমিতির সভাপতি ওসমান গনি জানান, ইতিমধ্যে বাংলা একাডেমি কর্তৃপক্ষকে মৌখিকভাবে এসব বিষয় জানানো হয়েছিল। কোনো ব্যবস্থা না নেওয়ায় চিঠি দিয়ে প্রতিবাদ জানানো হয়েছে।
নতুন বই ও প্রকাশনা অনুষ্ঠান
গতকাল মঙ্গলবার গ্রন্থমেলার একাদশ দিন নতুন বই এসেছে ৯৯টি এবং ১৩টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। প্রথমা প্রকাশন মেলায় এনেছে চিনুয়া আচেবের যুদ্ধের মেয়েরা ও অন্যান্য গল্প । উপন্যাসটিতে নাইজেরিয়ান লেখক আচেবে মূলত উপনিবেশবাদের সঙ্গে স্থানীয় সনাতন জীবনধারার সংঘর্ষের ছবি এঁকেছেন। বইটি অনুবাদ করেছেন রওশন জামিল।
পার্ল পাবলিকেশন্স এনেছে কবি শামসুদ্দোহা সেলিমের প্রথম কাব্যগ্রন্থ ভালবাসা চিলের ছায়ার মতো । গতকাল সন্ধ্যায় বইটির প্রকাশনা অনুষ্ঠিত হয় বিশ্বসাহিত্য কেন্দ্রের চলচ্চিত্র কক্ষে। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। বিশেষ অতিথি ছিলেন কবি আসাদ চৌধুরী। আলোচনা করেন আনিসুল হক।
গতকাল বিকেলে গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় হবীবুল্লাহ বাহার চৌধুরী শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে ‘বাংলাদেশের মুসলমান মধ্যবিত্তের ইতিহাস প্রসঙ্গে হবীবুল্লাহ বাহারের সাক্ষ্য’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সলিমুল্লাহ খান। এ ছাড়া ‘আমার বাবা হবীবুল্লাহ বাহার’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন তাঁর যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে ইকবাল বাহার চৌধুরী। আলোচনায় অংশ নেন মোহাম্মদ আবদুল কাইউম, কাজী মদিনা ও খুশী কবির। সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।