তারেক-আরাফাতের ঋণখেলাপের মামলা মধ্যস্থতার সুযোগ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে ৪৫ কোটি টাকা ঋণখেলাপের অভিযোগে করা মামলায় মধ্যস্থতার সুযোগ দিয়েছেন আদালত। আদালত আগামী ২৩ ফেব্রুয়ারি মধ্যস্থতা-সংক্রান্ত সিদ্ধান্ত জানানোর জন্য দিন ধার্য করেছেন। ঢাকার প্রথম অর্থঋণ আদালত গতকাল সোমবার এই আদেশ দেন। গতকাল এই মামলায় বাদী ব্যাংক ও বিবাদীপক্ষের মধ্যে মধ্যস্থতার জন্য দিন ধার্য ছিল। গতকাল মধ্যস্থতাকারীর দায়িত্বপ্রাপ্ত আইনজীবী আবদুস সালাম সময়ের আবেদন করেন।
আবেদনে বলা হয়, এই মামলার বিবাদীপক্ষে নিয়োজিত আইনজীবী ফখরুল ইসলাম বর্তমানে কারাগারে আটক আছেন। এ কারণে মধ্যস্থতার বিষয়ে আলাপ-আলোচনা করা সম্ভব হয়নি। তাই সময় প্রয়োজন। শুনানি শেষে বিচারক মোহাম্মদ রবিউজ্জামান পরবর্তী তারিখ ধার্য করেন।
১৯৯৩ সালের ২৪ ফেব্রুয়ারি বিবাদীরা ড্যান্ডি ডাইংয়ের পক্ষে সোনালী ব্যাংকে ঋণের জন্য আবেদন করেন।
বছরের ৯ মে সোনালী ব্যাংক বিবাদীদের আবেদন করা ঋণ মঞ্জুর করে। ২০০১ সালের ১৬ অক্টোবর বিবাদীদের আবেদনক্রমে ব্যাংকের পরিচালনা পর্ষদ তাঁদের সুদ মওকুফ করে।
২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি ব্যাংকের পক্ষ থেকে ঋণ পরিশোধের জন্য বিবাদীদের চূড়ান্ত নোটিশ দেওয়া হলেও বিবাদীরা কোনো ঋণ পরিশোধ না করায় এই মামলা করে ব্যাংক।