তারেক উন্মাদ গণ্ডমূর্খ: হানিফ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘ব্যর্থ’ রাজনীতিক বলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ‘উন্মাদ’ ও ‘গণ্ডমূর্খ’ বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ ট্রেডিং করপোরেশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন হানিফ।
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘জিয়ার পুত্র হিসেবে ২০০১-২০০৬ সাল পর্যন্ত তিনি হাওয়া ভবন সৃষ্টি করেছেন। দুর্নীতির সাম্রাজ্য গড়েছেন। এখন তিনি হঠাৎ এ ধরনের উদ্ভট, গণ্ডমূর্খ ও উন্মাদের মতো কথা বলছেন। গণমাধ্যমে সেগুলো প্রকাশ হওয়ায় তিনি আরও উৎসাহিত হচ্ছেন। গণমাধ্যমে তাঁর খবর প্রকাশ না পেলে এসব মন্তব্য বন্ধ হয়ে যাবে।’
খালেদা জিয়ার র্যাব বিলুপ্তির দাবি প্রসঙ্গে হানিফ বলেন, ‘তিনি (খালেদা জিয়া) প্রেসক্লাবের জনসভায় প্রকাশ্যে বলেছেন আওয়ামী লীগকে শায়েস্তা করার জন্য র্যাব গঠন করা হয়েছিল। আমরা তাঁকে ধন্যবাদ জানাই এ সত্যটা বলার জন্য। এখন সবাই বুঝতে পারছে, র্যাবকে প্রথম রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছিল বিএনপি।’ তিনি মনে করেন, আওয়ামী লীগ জন-আতঙ্কে ভুগছে কি না, সেটা নির্বাচন এলে বোঝা যাবে।