তারেক এলে আ.লীগ খড়কুটোর মতো ভেসে যাবে: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমান বিএনপির নেতৃত্বে এলে আওয়ামী লীগ খড়কুটোর মতো ভেসে যাবে। তাদের আর খুঁজে পাওয়া যাবে না। এ জন্য তারা তারেককে এত ভয় পায়।বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘প্রধানমন্ত্রী ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের কটূক্তি’র প্রতিবাদে গতকাল রোববার সকালে অনুষ্ঠিত সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপি এই সমাবেশের আয়োজন করে। তারেক রহমানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী বেসামাল হয়ে গেছেন। তারেক রহমান ইতিবাচক রাজনীতি করেন, এই জন্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ তাঁকে ভয় পায়।’ তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচন নিয়ে নাটক করছে। তারা বলেছে, আবারও ক্ষমতায় যাবে সে তথ্য এখন তাদের কাছে আছে। কীভাবে যাবে, সেটা তারা বলেনি। তবে জনগণের ভোটে আগামী দিনে তাদের বিজয়ের সম্ভাবনা নেই। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের ক্ষমতায় থেকে প্রচারের সুযোগ রাখতে নির্বাচনী আচরণবিধি সংশোধন করা হলে বিএনপি তা মেনে নেবে না। তিনি নির্বাচন কমিশনকে উদ্দেশ করে বলেন, ‘নিরপেক্ষ থেকে কাজ করতে পারলে তাদের বিষয়ে বিবেচনা করা হবে। নইলে কমিশন তাদের আসনে থাকতে পারবে না।’সমাবেশের সভাপতি ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা বলেন, আওয়ামী লীগ ২০০৬ সালে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা করেছিল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করতে প্রয়োজনে তার চেয়ে কঠিন পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ যে নির্বাচন নিয়ে চক্রান্ত করছে, তা প্রধানমন্ত্রীর ছেলের বক্তব্যে প্রকাশ পেয়েছে। সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম মহাসচিব বরকত উল্লা, রুহুল কবির রিজভী প্রমুখ।