ড্যান্ডি ডায়িংয়ের ঋণখেলাপের মামলা
তারেক ও আরাফাতের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
ড্যান্ডি ডায়িংয়ের ঋণখেলাপের মামলায় হাজির হয়ে জবাব দাখিলের জন্য বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর ভাই আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার অর্থঋণ আদালত-১-এর বিচারক রবিউজ্জামান গতকাল সোমবার এ আদেশ দেন। আদালত আগামী ৪ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশসংক্রান্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেন।সোনালী ব্যাংক গত বছরের ২ অক্টোবর তারেক, আরাফাতসহ ১০ জনকে বিবাদী করে এ মামলা করে। অন্য আট বিবাদী হলেন: প্রয়াত সাইদ এস্কান্দারের দুই ছেলে শামস এস্কান্দার ও সাফিন এস্কান্দার, মেয়ে সুমাইয়া এস্কান্দার, স্ত্রী নাসরিন আহমেদ, তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন, মামুনের স্ত্রী শাহিনা বেগম, মোজাফ্ফর আহমেদ ও গাজী গালিব আবদুস সাত্তার। বিবাদীরা সবাই ড্যান্ডি ডায়িংয়ের পরিচালক।সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৯২ সালে তিন কোটি টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করে ড্যান্ডি ডায়িং। প্রতিষ্ঠানটি ১৯৯৩ সালে সোনালী ব্যাংক থেকে ১০ কোটি টাকা ঋণ নেয় এবং প্রথম থেকেই খেলাপি হয়ে পড়ে। ১৯৯৫ সালে ড্যান্ডি ডায়িং প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ার বিক্রি করে। আরজিতে বলা হয়, ড্যান্ডি ডায়িং কিস্তি পরিশোধ না করায় বকেয়া ঋণের পরিমাণ ২০০১ সালে ২০ কোটি টাকা ছাড়িয়ে যায়। ওই বছর বিবাদী প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৬ অক্টোবর বকেয়া ঋণের সমুদয় সুদ মওকুফ করা হয় এবং ঋণ পুনঃতফসিলের মাধ্যমে নতুন কিস্তি নির্ধারণ করা হয়। কিন্তু এ কিস্তিও পরিশোধ করেনি প্রতিষ্ঠানটি। এতে সুদ মওকুফ-সুবিধা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। ২০১০ সালের ৩১ ডিসেম্বর সুদসহ মোট বকেয়া ঋণের পরিমাণ দাঁড়ায় ৪৩ কোটি ৬৬ লাখ টাকা।