বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে আইনি লড়াই চালানো উচিত। আইনের শাসনে বিশ্বাসী হলে তাঁরা তা করবেন।গত রোববার আইন মন্ত্রণালয়ে বিচারের জন্য বিদেশে অবস্থানরত ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক পর্যালোচনা সভা শেষে ব্রিফিংয়ে এ কথা বলা হয়।আইনমন্ত্রী শফিক আহমেদের সভাপতিত্বে সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।সভা শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারী বিদেশে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে অগ্রগতি হচ্ছে। কূটনৈতিক কার্যক্রম চলছে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে সরকার আন্তরিক। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আন্তরিকতার সঙ্গে চেষ্টা চালিয়ে যাচ্ছে।এক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, নূর চৌধুরীকে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। আইনি প্রক্রিয়া সম্পাদনের জন্য একটি ল ফার্ম কাজ করছে।আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, আইনের শাসনের প্রতি বিশ্বাসী হলে অর্থ পাচার মামলায় সাজাপ্রাপ্ত আরাফাত রহমান কোকো এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার আসামি তারেক রহমান আদালতে আত্মসমর্পণ করে মামলায় লড়বেন।