তারেক ও ফখরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানহানির অভিযোগে করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম আনোয়ার ছাদাত এই আদেশ দেন। আগামী ৫ মার্চের মধ্যে পুলিশকে পরোয়ানা জারিসংক্রান্ত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন আদালত।
গত বছরের ৮ সেপ্টেম্বর ইতিহাস বিকৃতি ও বঙ্গবন্ধু নিয়ে মানহানিকর কটূক্তির অভিযোগে এ মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। তদন্ত শেষে পল্টন থানার পুলিশ তারেক রহমান ও মির্জা ফখরুলের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে। গতকাল আদালত ওই প্রতিবেদন গ্রহণ করে তারেক ও ফখরুলের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
মামলায় অভিযোগ করা হয়, গত বছরের ২৪ আগস্ট লন্ডনে এক আলোচনা সভায় তারেক রহমান বলেন, ‘আওয়ামী লীগ নেতারা কুলাঙ্গার এবং শেখ হাসিনা কুলাঙ্গারদের নেত্রী।’ মির্জা ফখরুল ৫ সেপ্টেম্বর সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণ শেষে জয় পাকিস্তান বলেন এবং বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেননি।’
মহানগর হাকিম তারেক মইনুল ইসলাম ভূইয়ার আদালতে ফখরুলসহ ২৩ নেতা-কর্মীর বিরুদ্ধে করা একটি মামলায় গতকাল অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ২৯ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেন।
অন্য আদালতে ফখরুলসহ ৭৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। এই মামলায় আসামিপক্ষ সময় চেয়ে আবেদন করলে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবীর রাজ আগামী ২৯ মার্চ শুনানির দিন ধার্য করেন।