তারেক ও মামুনের অর্থ লেনদেন মামলায় আরেকজনের সাক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে করা মামলায় আরও একজন সাক্ষ্য দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ করিম সাক্ষ্য দেন। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন সাক্ষ্য গ্রহণ শেষে ২২ নভেম্বর পরবর্তী তারিখ ধার্য করেছেন। গতকাল পর্যন্ত এ মামলায় সাতজন সাক্ষ্য দিলেন। গতকাল আসামি গিয়াসউদ্দিন আল মামুনের আইনজীবী ফখরুল ইসলাম সময়ের আবেদন করেন। আদালত তা নাকচ করে দেন। এর আগে এই মামলায় মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) এজেন্ট ডেবরা লেপরোভেটি, মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিমসহ ছয়জন সাক্ষ্য দেন।বিদেশে অর্থ পাচারের অভিযোগে তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় মামলা করে দুদক।