তারেক ও মিশুক স্মরণে স্মৃতিফলক নির্মাণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং স্বনামধন্য চিত্রগ্রাহক ও সাংবাদিক মিশুক মুনীর স্মরণে মানিকগঞ্জে গতকাল মঙ্গলবার এক স্মরণসভার আয়োজন করা হয়। স্মরণসভায় দুর্ঘটনাস্থল মানিকগঞ্জের জোকায় তাদের উদ্দেশ্যে একটি স্মৃতিফলক নির্মাণের দাবি জানানো হয়। জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গতকাল মঙ্গলবার বিকেলে এ স্মরণসভার আয়োজন করে মানিকগঞ্জ জেলা সাংস্কৃতিক ঐক্য পরিষদ। পরিষদের আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে স্মরণসভায় বিশিষ্ট চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, কামরান আহমেদ সায়মন, চিত্রগ্রাহক মুনীরা মোর্শেদ ও তারেক মাসুদের ছোট ভাই নাহিদ মাসুদসহ সাংস্কৃতিক ঐক্য পরিষদের নেতারা বক্তব্য দেন।বক্তারা বলেন, বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করেছেন তারেক মাসুদ। সুস্থধারার চলচ্চিত্র নির্মাণে তারেকের প্রচেষ্টা ছিল অকল্পনীয়। তারেকের মৃত্যুতে দেশীয় চলচ্চিত্রের অভাবনীয় ক্ষতি হয়েছে। আর মিশুক মুনীর ছিলেন বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়া জগতে উজ্জ্বল নক্ষত্র। তিনি কেবল সাংবাদিকই ছিলেন না, দেশবরেণ্য চিত্রগ্রাহক ও চলচ্চিত্র নির্মাতা ছিলেন। এ জন্য তিনি দেশের বাইরেও খ্যাতি অর্জন করেন। গত ১৩ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। বক্তারা তাঁদের স্মৃতি রক্ষার্থে দুর্ঘটনাস্থলে একটি স্মৃতিফলক নির্মাণের দাবি জানান।স্মরণসভা শেষে তারেক মাসুদ পরিচালিত ছবি ‘রানওয়ে’ ও ‘নরসুন্দর’র উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন করা হয়।