আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, দুর্নীতির দায়ে অভিযুক্ত খালেদা জিয়ার দুই ছেলে তারেক ও কোকোকে রক্ষা এবং যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতেই বিএনপি-জামায়াত ও ধর্মান্ধ গোষ্ঠী পরিকল্পনা করে যুগপৎ হরতাল ডেকেছে।সৈয়দ আশরাফ অভিযোগ করেন, বিএনপির কার্যালয়ে ধর্মান্ধ গোষ্ঠী ও আন্তর্জাতিক জঙ্গিবাদের সদস্যদের নিয়ে খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠক হয়। সেই বৈঠকেই তারা পরিকল্পনা করে হরতাল কর্মসূচি দিয়েছে। গতকাল বৃহস্পতিবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।বিএনপি-জামায়াত গত বুধ-বৃহস্পতিবার হরতাল ডেকেছিল। আগামী রোববার ও সোমবার হরতাল ডেকেছে যৌথভাবে ১২টি ধর্মভিত্তিক দল ও এককভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।সৈয়দ আশরাফ অভিযোগ করেন, বিএনপি ও জামায়াত একই মুদ্রার এপিঠ-ওপিঠ। এরা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তাদের আন্দোলন নয়। তাদের লক্ষ্য মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করা। সৈয়দ আশরাফ আবারও বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আলোচনার দরজা খোলা না থাকলে হরতাল ডাকতে পারতেন। আপনারা সংসদে আসুন। প্রস্তাব থাকলে বলুন। মানুষকে শান্তিতে থাকতে দিন।’এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, ‘বিরোধী দল চাইলে যেকোনো স্থানে, প্রয়োজনে মক্কা শরিফ গিয়েও আমরা আলোচনায় প্রস্তুত।’ তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, আজ কাল বা পরশু আলোচনা হতেই হবে। আলোচনা ছাড়া এ দেশে কোনো সমস্যার সমাধান হয়নি।খালেদা জিয়া আন্তর্জাতিক কোন সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছেন, জানতে চাইলে তিনি বলেন, সময় হলেই বিস্তারিত বলা হবে। তবে খালেদা জিয়ার সভাপতিত্বে যে বৈঠক হয়, তাতে নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদ, হিযবুত তাহরির, জামায়াত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, আমিনী, শিবিরসহ স্বাধীনতাবিরোধী, জঙ্গি ও আন্তর্জাতিক সন্ত্রাসী চক্রের নেতারা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে মাহবুব উল আলম হানিফ, নূহ-উল-আলম লেনিন, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ উপস্থিত ছিলেন।