স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, এ দেশের জনগণ যুদ্ধাপরাধীদের বিচার চায়। আর বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের লেবাসে যুদ্ধাপরাধীদের রক্ষায় ষড়যন্ত্র করছেন। তাঁর দুর্নীতিবাজ দুই পুত্র তারেক-কোকোকে বাঁচাতে বিএনপি মরিয়া হয়ে উঠেছে। কক্সবাজারের উপকূলীয় পেকুয়া উপজেলার বারবাকিয়া হোসনে আরা বালিকা উচ্চবিদ্যালয় মাঠে গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশ্রুতিতে ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারকে বিপুলসংখ্যক আসন দিয়ে ক্ষমতাসীন করে জনগণ। আমরা জনগণকে দেওয়া সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর। এই সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচার শেষ করা হবে। পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছাদেকুর রহমান ওয়ারেচীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বক্তব্য দেন সাংসদ সাফিয়া খাতুন, অধ্যাপিকা এথিন রাখাইন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে আহমদ হোসেন, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমগীর চৌধুরী প্রমুখ।গত শুক্রবার সকাল সাড়ে ১০টায় তিন দিনের সরকারি সফরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন কক্সবাজার আসেন। গতকাল পেকুয়ার জনসভা শেষে তিনি ঢাকায় ফিরে যান।