বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোসহ ১০ জনের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। গতকাল সোমবার ঢাকার অর্থঋণ আদালত-১-এর বিচারক রবিউজ্জামান এই আদেশ দেন। আগামী ১৪ নভেম্বর আদালতে সমন জারিসংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন আদালত।ড্যান্ডি ডায়িং কোম্পানির পরিচালক তারেক রহমান ও আরাফাত রহমান কোকোসহ ১০ জনের বিরুদ্ধে ৪৫ কোটি ৫৯ লাখ টাকা ঋণখেলাপির অভিযোগে ২ অক্টোবর মামলা করেন সোনালী ব্যাংকের মতিঝিল শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা নজরুল ইসলাম। তারেক-কোকো ছাড়াও কোম্পানির পরিচালক খালেদা জিয়ার ভাই সাঈদ এস্কান্দারের ছেলে শামস এস্কান্দার, শাহীন এস্কান্দার, মেয়ে সুমাইয়া এস্কান্দার ও সাঈদ এস্কান্দারের স্ত্রী নাসরিন আহমেদ, তারেক রহমানের ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুন ও তাঁর স্ত্রী শাহিনা ইয়াসমিন, মোজাফফর আহমেদ ও কাজী গালিব আবদুস সাত্তারকে বিবাদী করা হয়।আরজিতে বলা হয়, ২০১০ সালের ৪ এপ্রিল পর্যন্ত সোনালী ব্যাংক থেকে ড্যান্ডি ডায়িংকে দেওয়া ঋণের পরিমাণ দাঁড়ায় ৪২ কোটি ৬৯ লাখ ৯৭ হাজার টাকা। কিস্তি পরিশোধের জন্য প্রতিষ্ঠানটিকে বারবার তাগাদা দিয়েও সাড়া পাওয়া যায়নি।