তারেক দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত: তোফায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ অভিযোগ করেছেন, বিএনপির নেতা তারেক রহমান বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গণতন্ত্রকে হত্যার অপতৎপরতা চালাচ্ছেন।
গতকাল শনিবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তোফায়েল আহমেদ এ অভিযোগ করেন।
তোফায়েল আহমেদ বলেন, দুর্নীতি, সন্ত্রাস, বিদেশে অর্থ পাচারসহ অসংখ্য মামলার আসামি হয়ে যে ব্যক্তির আইনের মুখোমুখি দাঁড়ানোর সৎ সাহস নেই, সেই ভীরু, পলাতক ব্যক্তির এই অপতৎপরতায় দেশবাসী হতবাক ও ক্ষুব্ধ হয়েছে।
খালেদা গৃহবন্দী নন: বিরোধী দলের নেতা খালেদা জিয়া গৃহবন্দী নন দাবি করে তোফায়েল আহমেদ বলেন, গৃহবন্দী থাকলে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা ও ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন কীভাবে তাঁর সঙ্গে দেখা করলেন?
বিএনপিকে নির্বাচনে আনতে আওয়ামী লীগের চেষ্টার কোনো ত্রুটি ছিল না দাবি করে তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী অনেকবার বিএনপিকে নির্বাচনে আনতে সংলাপের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু তারা আসেনি। তিনি বলেন, এখন সাংবিধানিক ধারাবাহিকতা রাখতে নির্বাচন করতে হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা মহীউদ্দীন খান আলমগীর, ওবায়দুল কাদের, দীপু মনি প্রমুখ।