তারেক নিয়ে কথা নয়: কামরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আর কোনো কথা বলবে না আওয়ামী লীগ।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক সভার আগে সাংবাদিকদের এ কথা বলেন আইন প্রতিমন্ত্রী।
কামরুল ইসলাম অভিযোগ করেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিচারপ্রক্রিয়ায় বাধা দেওয়াই দলটির প্রধান উদ্দেশ্য।
এ প্রসঙ্গে আইন প্রতিমন্ত্রী বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে নয়, বিএনপির হরতালের মূল উদ্দেশ্য আসলে তারেকের বিরুদ্ধে ২১ আগস্টের গ্রেনেড হামলা, ১০ ট্রাক অস্ত্র মামলাসহ খালেদা জিয়ার বিরুদ্ধে যেসব মামলা আছে, সেগুলোর বিচার প্রলম্বিত করানো। তবে আইন সবার জন্য সমান, যা তার নিজের গতিতেই চলবে।’

আগামী সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে আশা প্রকাশ করে কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি সংলাপে আসবে, সংসদে আসবে, এমনকি নির্বাচনেও আসবে।’  

রাজধানীতে জুনে সুধী সমাবেশ

সভা-সমাবেশ থেকে নিষেধাজ্ঞা না উঠলেও আগামী জুনে রাজধানীতে সুধী সমাবেশ করবে আওয়ামী লীগ। জুনের প্রথম সপ্তাহ থেকে ঢাকার প্রতিটি থানায় এই সমাবেশ শুরু হবে।

আজ দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কথা জানান ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী।

সরকারি নিষেধাজ্ঞার মধ্যে কীভাবে এসব সমাবেশ হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, অনুমতি নিয়েই সুধী সমাবেশ করা হবে।

আগামী নির্বাচনের প্রস্তুতির জন্য এই সমাবেশের আয়োজন—এ কথা জানিয়ে আইন প্রতিমন্ত্রী বলেন, সংসদ নির্বাচনের আর মাত্র ছয় মাসের মতো বাকি। দলকে নির্বাচনের জন্য প্রস্তুত করতেই এসব সমাবেশে স্থানীয় স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের সম্পৃক্ত করা হবে।