তারেক, বাবরসহ চারজনের বিরুদ্ধে মামলা চলতে বাধা নেই
হত্যা মামলা ধামাচাপা দিতে ঘুষ লেনদেনের অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ চারজনের বিরুদ্ধে করা দুর্নীতি মামলা চলতে কোনো বাধা নেই। মামলা বাতিল চেয়ে তারেক রহমানের করা আবেদন খারিজ করে হাইকোর্ট আজ বুধবার এ রায় দেন।
বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, বসুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলা ধামাচাপা দিতে তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ চারজনের বিরুদ্ধে ২১ কোটি টাকা দুর্নীতির মামলা হয়েছিল। ওই মামলা বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এতে বিচারিক আদালতে মামলা চলতে কোনো বাধা নেই।
বসুন্ধরা গ্রুপের টেলিযোগাযোগ শাখার পরিচালক হুমায়ুন কবির সাব্বির ২০০৬ সালের ৪ জুলাই নৃশংসভাবে খুন হন। পুলিশ সাব্বিরের হত্যাকাণ্ডে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের ছেলে সাফায়েত সোবহান সানবীরের জড়িত থাকার প্রমাণ পাওয়ার পর তাঁর বিরুদ্ধে হত্যা মামলা করে। সাব্বির হত্যা মামলা থেকে সানবীরের নাম বাদ দিতে তত্কালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে ২১ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগে সিআইডি ২০০৮ সালের ৮ মে রমনা থানায় এ মামলা করে।