তারেক-মামুনকে সাজার হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুদ্রা পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাত বছর কারাদণ্ড ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের সাত বছরের কারাদণ্ড বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায় প্রকাশিত হয়েছে। গতকাল সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৮২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি প্রকাশিত হয়।
গত ২১ জুলাই বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই রায় ঘোষণা করেছিলেন। এর প্রায় তিন মাসের মাথায় গতকাল পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলো।
রায়ের পর্যবেক্ষণে বলা হয়, দুঃখের সঙ্গে লক্ষ করা গেছে, তারেক রহমান সচেতনভাবে ফিন্যান্সিয়াল ক্রাইমে (অর্থনৈতিক অপরাধ) জড়িয়ে পড়েছেন। তিনি তাঁর রাজনৈতিক উচ্চ শ্রেণির অবস্থান ব্যবহার করে ‘কনসালটেশন ফি’র (পরামর্শক ফি) নামে তাঁর ঘনিষ্ঠ সহযোগীর (মামুন) মাধ্যমে ডার্টি মানি (নোংরা অর্থ) অর্জন করেছেন। রাজনৈতিক প্রভাব ব্যবহার করে সংঘটিত এ ধরনের দুর্নীতি সুশাসন, টেকসই উন্নয়ন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকিস্বরূপ।
তিন বছর আগে ২০১৩ সালের ১৭ নভেম্বর বিচারিক আদালত এই মামলায় রায় দেন। রায়ে তারেক রহমানকে খালাস এবং মামুনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায়ে মামুনকে ৪০ কোটি টাকা জরিমানাও করা হয়।
তারেক রহমানকে খালাস দিয়ে নিম্ন আদালতের দেওয়া ওই রায়ের বিরুদ্ধে ২০১৩ সালের ৫ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) হাইকোর্টে আপিল করে। নিম্ন আদালতের দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে মামুন হাইকোর্টে আপিল করেন। দুই আপিলের ওপর একসঙ্গে শুনানি শেষে ২১ জুলাই হাইকোর্ট রায় দেন।
হাইকোর্টের রায়ে তারেক রহমানকে দেওয়া খালাসের রায় বাতিল ঘোষণা করে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আর গিয়াসউদ্দিন আল মামুনের সাত বছরের কারাদণ্ড বহাল রেখে ৪০ কোটি টাকা জরিমানার পরিবর্তন করে ২০ কোটি টাকা অর্থদণ্ড করা হয়েছে।
হাইকোর্টের রায়ে তারেক রহমানকে দেওয়া খালাসের রায় বাতিল ঘোষণা করে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আর গিয়াসউদ্দিন আল মামুনের সাত বছরের কারাদণ্ড বহাল রেখে ৪০ কোটি টাকা জরিমানার পরিবর্তন করে ২০ কোটি টাকা অর্থদণ্ড করা হয়েছে।
রায় প্রকাশের পর দুদকের কৌঁসুলি খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, রায়ের অনুলিপি এখন বিচারিক আদালতে যাবে। বিচারিক আদালত সাজা পরোয়ানা জারি করবেন। কারাগারে থাকা আসামি আপিল করতে পারবেন। তবে পলাতক তারেক রহমানকে আপিল করতে হলে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে।
গিয়াসউদ্দিন আল মামুনের অন্যতম আইনজীবী কায়সার কামাল প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায় পর্যালোচনা করা হবে। মক্কেলের (মামুন) সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ঘুষ হিসেবে আদায়ের পর ২০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে ২০০৯ সালের ২৬ অক্টোবর ঢাকা ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, নির্মাণ কনস্ট্রাকশনস নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে টঙ্গীতে ৮০ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ২০ কোটি টাকা ঘুষ নেন মামুন। ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পদ্ধতিতে ওই টাকা সিঙ্গাপুরের সিটি ব্যাংকে মামুনের হিসাবে পাচার করা হয়। ওই হিসাব থেকে প্রায় পৌনে চার কোটি টাকা খরচ করেন তারেক। এই মামলার শুরু থেকেই তারেক দেশে ছিলেন না। এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকে মামুন কারাগারে।
হাইকোর্টের রায়ে সিঙ্গাপুরের ওই ব্যাংক হিসাবে অর্থ জমাদানকারী চারজনের বিরুদ্ধে আইন অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দুদককে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা হলেন হোসাফ গ্রুপের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন, নির্মাণ কনস্ট্রাকশনের চেয়ারম্যান খাদিজা ইসলাম, মায়ার সাইরি ও মেরিনা জামান। হাইকোর্টের রায়ে বলা হয়, ওই চারজন বর্তমানে দণ্ডিতদের (তারেক-মামুন) মানি লন্ডারিং প্রক্রিয়ায় সহায়তা করেছেন। এ জন্য তাঁদের বিরুদ্ধে আইন অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেওয়া হলো।