তারেক-মামুনের অবৈধ লেনদেন আসামিপক্ষের আবেদন মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ লেনদেনের মামলায় সাক্ষ্য-জেরা আগামী ২৮ মার্চ পর্যন্ত মুলতবি করেছেন আদালত। গতকাল মঙ্গলবার আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ মোজাম্মেল হোসেন এই দিন ধার্য করেন। গতকাল এ মামলায় সোনালী ব্যাংকের ক্যান্টনমেন্ট শাখার তৎকালীন উপমহাব্যবস্থাপক মো. নজরুল ইসলামকে আসামিপক্ষে আংশিক জেরা করেন মামুনের আইনজীবীরা। আদালত সূত্র জানায়, গতকাল আসামি গিয়াসউদ্দিন আল মামুনের পক্ষে সময়ের আবেদন করা হয়। এ সময় রাষ্ট্র ও দুদকের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও পিপি মোশাররফ হোসেন আপত্তি জানান। এ নিয়ে উভয় পক্ষের আইনজীবীদের মধ্যে প্রায় এক ঘণ্টা তর্ক-বিতর্ক চলে। পরে আদালত আসামিপক্ষকে জেরা করতে বলেন। আসামিপক্ষের আইনজীবীরা জেরা করার একপর্যায় সাক্ষীকে প্রশ্ন করেন, গিয়াসউদ্দিন মামুন ব্যাংকে যে হিসাব খুলেছেন, তা কে শনাক্ত করেছেন? জবাবে সাক্ষী নজরুল ইসলাম বলেন, ‘তা বলতে পারব না।’ এ পর্যায়ে আসামিপক্ষের আইনজীবীরা একটি দরখাস্ত দিয়ে আদালতকে বলেন, মামুনের ব্যাংক হিসাব খোলাসংক্রান্ত কাগজপত্র আদালতে উপস্থাপন করা না হলে তাঁরা জেরা করবেন না। এ পর্যায়ে আদালত আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী তারিখ ধার্য করেন। গতকাল মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ মামলার অন্য আসামি তারেক রহমানকে পলাতক দেখিয়েই বিচারকাজ চলছে।মামলায় অভিযোগ করা হয়েছে, টঙ্গীতে প্রস্তাবিত একটি ৮০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার কথা বলে মামুন নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানির মালিক খাদিজা ইসলামের কাছ থেকে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা নেন। সিঙ্গাপুরে এই টাকা লেনদেন হয়। মামুন ওই অর্থ সিঙ্গাপুরে সিটিব্যাংক এনএর একটি শাখায় তাঁর হিসাবে জমা করেন। ওই টাকার মধ্যে তারেক রহমান তিন কোটি ৭৮ লাখ টাকা খরচ করেন। ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় এ মামলা করে দুদক। এদিকে অর্থ পাচারের অভিযোগে মামুনের বিরুদ্ধে গতকাল আরেকটি মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ছিল। আসামিপক্ষের আইনজীবী ফখরুল ইসলাম অসুস্থ হয়ে পড়ায় আদালত আগামী ২ এপ্রিল পরবর্তী তারিখ ধার্য করেন।