তারেক-মামুনের অর্থ পাচার মামলায় সোনালী ব্যাংক কর্মকর্তার সাক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের অর্থ পাচার মামলায় সোনালী ব্যাংকের কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন।

আজ বৃহস্পতিবার সোনালী ব্যাংক ক্যান্টনমেন্ট করপোরেট শাখার নির্বাহী কর্মকর্তা বিভূতিভূষণ সরকার সাক্ষ্য দেন। এ নিয়ে এ মামলায় ১০ জন সাক্ষ্য দিলেন। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর ভারপ্রাপ্ত বিচারক মো. মোজাম্মেল হক এ সাক্ষ্য নেন।

আদালত ২৬ মে আসামিপক্ষের জেরার জন্য দিন ধার্য করেছেন। ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় এই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১০ সালের ৬ জুলাই তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

মামলাটিতে এর আগে ৯ জন সাক্ষীর সাক্ষ্য শেষ হয়েছে। তাঁরা হলেন বাদী দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম, মামলাটির রেকর্ডিং অফিসার হোসনে আরা বেগম, মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) এজেন্ট মিস ডেবরা লেপরোভেট, ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আলীমুজ্জামান, গুলশান থানার ওসি কামাল উদ্দিন, নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানির চেয়ারপারসন খাদিজা ইসলাম, সপ্তম সাক্ষী পুলিশ কর্মকর্তা মাসুদ করিম, সোনালী ব্যাংকের জ্যেষ্ঠ প্রিন্সিপাল অফিসার সৈয়দ এহসানুল হাফিজ ও সাবেক উপ-মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম।

টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুেকন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দিতে নির্মাণ কন্সট্রাকশন কোম্পানি লিমিটেডের মালিক খাদিজা ইসলামের কাছ থেকে গিয়াসউদ্দিন আল মামুন ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা নেন। সিঙ্গাপুরে এই টাকা লেনদেন হয়। মামুন ওই অর্থ সিঙ্গাপুরের ক্যাপিটাল সিটিব্যাংক এনএতে তাঁর নামের ব্যাংক হিসাবে জমা করেন। এই টাকার মধ্যে তারেক রহমান তিন কোটি ৭৮ লাখ টাকা খরচ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।