তারেক-মামুনের অর্থ লেনদেনের মামলায় যুক্তি-তর্ক চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে করা অবৈধভাবে অর্থ লেনদেনের মামলায় যুক্তি-তর্ক শুনানি চলছে। আজ সোমবার গিয়াস উদ্দিনের পক্ষে যুক্তি-তর্ক উপস্থাপন করেন আসামিপক্ষের আইনজীবী। শুনানি শেষ না হওয়ায় ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোতাহার হোসেন বৃহস্পতিবার পরবর্তী তারিখ ধার্য করেন।


আজ যুক্তি-তর্ক শুনানির আগে গিয়াস উদ্দিনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী মোশাররফ হোসেন, মাহমুদ হোসেন ও মীর আহমেদ সালাম উপস্থিত ছিলেন। আসামিপক্ষ আদালতে যুক্তি-তর্ক শুনানি শেষ করতে না পারায় পরবর্তী সময় ধার্য করার জন্য মৌখিকভাবে আবেদন জানান। আইনানুযায়ী সময়ের আবেদন করার নিয়ম থাকলেও আসামিপক্ষে তা করা হয়নি। দুদকের আইনজীবীরা আপত্তি করলেও আদালত কোনো আবেদন না নিয়েই পরবর্তী দিন ধার্য করেন।

২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় দুদক এ মামলা করে। মামলায় অভিযোগ করা হয়, টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুেকন্দ্র স্থাপনের কার্যাদেশ পাইয়ে দেওয়ার কথা বলে নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক খাদিজা ইসলামের কাছ থেকে গিয়াস উদ্দিন ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা নেন। পরবর্তী সময়ে সিঙ্গাপুরে এই টাকা লেনদেন হয়। এরপর মামুন ওই অর্থ সিঙ্গাপুরের ক্যাপিটাল স্ট্রিটের সিটিব্যাংক এনএতে তাঁর নামের ব্যাংক হিসাবে জমা করেন। এই টাকার মধ্যে তারেক রহমান তিন কোটি ৭৮ লাখ টাকা খরচ করেন।