তারেক-মামুনের বিরুদ্ধে অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি ১০ আগস্ট
বিদেশে অর্থ পাচারের মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি হবে আগামী ১০ আগস্ট। গতকাল বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইসমাইল হোসেন শুনানির এ তারিখ নির্ধারণ করেন।অবৈধভাবে বিদেশে টাকা পাচারের মামলায় গত মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন (দুদক) তারেক রহমান ও মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এ মামলার নথি গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে বিশেষ জজ আদালতে পাঠানো হয়। পরে আদালত অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানির দিন ধার্য করেন।মামলায় অভিযোগ করা হয়, তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে হিসেবে তারেক রহমানের প্রভাব খাটিয়ে বিভিন্ন কোম্পানি ও সংস্থাকে কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর বন্ধু মামুন অবৈধভাবে অর্থ আদায় করেন। তারেক রহমান নিজেকে আড়াল করার জন্য মামুনের মাধ্যমে ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পথে মোট ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা অবৈধভাবে সিঙ্গাপুরে পাচার করেন।