তারেক-মামুনের বিরুদ্ধে অর্থ পাচার মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে করা অর্থ পাচার মামলায় ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য ২৭ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা মো. ইব্রাহীমকে আসামিপক্ষের জেরা শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোতাহার হোসেন এই দিন ধার্য করেন। তদন্ত কর্মকর্তার জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে এ মামলায় সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হলো।
মামুনকে গতকাল কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবীরা গতকাল পঞ্চম দিনের মতো দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক ইব্রাহীমকে জেরা করেন। মামুনের পক্ষে সানাউল্লাহ মিয়া, এ বি এম খায়রুল ইসলাম, মাসুদ আহমেদ তালুকদার, মহসীন মিয়া, জিয়াউদ্দিন জিয়া, সৈয়দ জয়নুল আবেদীন, নুরুজ্জামানসহ ৪০-৪৫ জন আইনজীবী উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষ ও দুদকের পক্ষে ছিলেন সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু, মোশাররফ হোসেন, কবির হোসেন, মীর আহমেদ সালাম, মাহবুবুর হোসেন প্রমুখ।
অপর আসামি তারেক রহমান মামলার নথিদৃষ্টে পলাতক রয়েছেন। ২০১১ সালের ৬ জুলাই দুদক এ মামলায় অভিযোগপত্র দেয়। একই বছরের ৮ আগস্ট তারেক ও মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ওই বছরের ১১ সেপ্টেম্বর সাক্ষ্য শুরু হয়। দুদকের পক্ষে ১৩ জন সাক্ষীকে উপস্থাপন করা হয়।
২০০৯ সালে ক্যান্টনমেন্ট থানায় দুদক এ মামলা করে।